শাহরাস্তিতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ চায়না রিং, কারেন্ট জাল জব্দ শেষে বিনষ্ট করে অভিযুক্ত দোকানিকে অর্থ দন্ড প্রদান করা হয়েছে।
মঙলবার রাতে পৌরশহরের ঠাকুরবাজারের একটি দোকানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন শাহরাস্তি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই সময় নিষিদ্ধ ঘোষিত ৫৯ টি কারেন্ট জাল ও ০১ টি রিংজাল (আনুমানিক ১৮০০০ মিটার) জব্দ শেষে উপজেলা মৎস্য কর্মকর্তা তৌসিব উদ্দিনের জিম্মায় দেয়া হয়।
পরে রাতেই ওই জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। ওই নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল বিপননের দায়ে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন,১৯৫০ অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়।
সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, এক শ্রেণীর অসাধু মৎস্য শিকারি রাত বিরাতে উপজেলার ডাকাতিয়া নদীসহ বিভিন্ন জলাশয়ে নিষিদ্ধ চায়না রিং, কারেন্ট, ভেসাল জাল এবং ইলেকট্রিক শক ডিভাইস ব্যবহার করে মৎস্য আহরণ করে আসছিল। যা সরকার ঘোষিত মৎস্য আইনের পরিপন্থী। ওই হিসেবে প্রশাসনের তরফে এ অভিযান পরিচালনা করা হয় ।
এ সময় এই কাজে সহযোগিতা করেন উপজেলা মৎস্য অফিস ও শাহরাস্তি উপজেলা পুলিশ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও সঙ্গীয় ফোর্স।
প্রশাসনের তরফ থেকে এমন অভিযান চলমান থাকবে বলে জানা গেছে।

মোঃ মাসুদ রানা