প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩ । ৮:৫৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

লাঙ্গলের প্রার্থীকে অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি

মোহাম্মদ গোলাম রাব্বী

লালমনিরহাট-২ আসনের জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী দেলোয়ার হোসেনকে নির্বাচন বর্জন করতে বলে গলায় অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দিয়েছে মুখোশধারী দুর্বৃত্তরা।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৮ ডিসেস্বর) দুপুরে থানায় সাধারন ডায়েরি (জিডি) করেছেন তিনি।

দেলোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার ভোরে ফজরের আজান হলে নামাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে পাশের মসজিদে যাচ্ছিলেন তিনি। এ সময় পথের পাশে বাঁশঝাড়ে ওত পেতে থাকা মুখোশ পড়া ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত তার পথ রোধ করে গলায় ধারালো অস্ত্র ধরে নির্বাচন করার কারণে অকথ্য ভাষায় গালমন্দ করেন। এ সময় নির্বাচন বর্জন না করলে তাকেসহ পুরো পরিবারকে হত্যার হুমকি দেয়। নির্বাচন বর্জন করবেন বলে দুর্বৃত্তদের কাছে শপথ করলে তাকে ছেড়ে দিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে আদিতমারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন লাঙ্গলের এই প্রার্থী।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, লাঙ্গলের প্রার্থী থানায় জিডি করেছেন। একই সঙ্গে ঘটনাটি তদন্ত করতে পুলিশ কাজ করছে।

উল্লেখ্য, জাতীয় পার্টির প্রার্থী ছাড়াও লালমনিরহাট-২ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে রয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল হক, ট্রাক প্রতীকে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী মমতাজ আলী, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী দেলব্বর হোসেন ও এনপিপি’র শরিফুল ইসলাম।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন