দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে স্বতন্ত্র প্রার্থী ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জনপ্রিয়তা যাচাই করতে নৌকার পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে পাঠিয়েছেন।
আগামী ৭ জানুয়ারি নির্বাচনে আপনারা সকলে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ঈগলের জয় নিশ্চিত করে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন। তিনি বলেন, নৌকার মধ্যে সাপ, ব্যাঙ, কুচিইয়া উঠে গেছে। এগুলো থেকে নৌকাকে মুক্ত করতে ঈগলের প্রয়োজন। তাই ঈগল প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে এসেছি। আমি নির্বাচিত হলে নৌকাকে এসব থেকে মুক্ত করবো।
বুধবার (৩ জানুয়ারি) বিকেলে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড পূর্ব লোধেরগাঁও গুচ্ছগ্রামে আয়োজিত উঠান বৈঠকে শাহমাহমুদপুরের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ঈগল প্রতীকের শাহমাহমুদপুরের কেন্দ্র কমিটির আহবায়ক দেলোয়ার হোসেন খান দুলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান।
ব্যক্তিগতভাবেও আমি ১২ বছর চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছি। ছিলাম সংসদ সদস্য হিসেবেও। আমার কর্মজীবনে কেউ কোনদিন অনৈতিকভাবে এক কাপ চা খাওয়াতে পারেনি। তাই ভোট অন্য প্রতীকে দেউক বা আমার প্রতীক ঈগল এ দেউক, সমস্যা নাই। আপনাদের মূল্যবান ভোটে একজন যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন। কিন্তু কাউকে বাঁধা প্রদান করা যাবে না। ভোটাররা যাতে স্বতঃফুর্ত ভাবে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারে, সেজন্য আমরা জণগনের পাশে রয়েছি।

ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সামছুজ্জামান পাটওয়ারীর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রব ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. জহিরুল ইসলাম, সদস্য মোঃ শরীফ হোসেন পাটওয়ারী, শাহালম মিয়া, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান কালু ভুইয়া, পৌর আওয়ামীলীগ নেতা হারুনুর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নাজমুল পাটওয়ারী, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন দুলু মোল্লা, সহ সভাপতি হুমায়ুন কবির খান, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বেপারী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুর রহমান সুজন, শাহমাহমুদপুরের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম সুজন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি বারেক সুমন, সহ সভাপতি সিহাব সুমন, শাহমাহমুদপুরের ছাত্রলীগ নেতা রাশেদ খান রাজু সহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ।
দেখা যায়, এই উঠান বৈঠকে সকল স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ব্যাপক সমাগম ঘটেছে।
শাহমাহমুদপুরের কেন্দ্র কমিটির আহবায়ক দেলোয়ার হোসেন খান দুলুর নেতৃত্ব এক বিশাল শোডাউন নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

মাসুদ হোসেন