প্রকাশের সময়: সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪ । ৯:৪৮ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

আইনশৃঙ্খলা রক্ষার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : মায়া বীরবিক্রম এমপি

মনিরুল ইসলাম মনির

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত ও স্মার্ট বাংলাদেশে গড়ার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছেন, তা সফল করতে গেলে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের একসঙ্গে কাজ করতে হবে।

সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে মতলব উত্তর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মাসিক আইন শৃঙ্খলা সভা ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদাণকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সকলের প্রচেষ্টায় দুর্নীতি, চাঁদাবাজি, মাদক সেবন ও পাচারসহ সকল প্রকার অনৈতিক কাজ বন্ধ করা সম্ভব। জনগণের ভোগান্তির কথা চিন্তা করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বপ্ন ‘স্মার্ট বাংলাদেশ’ গঠন ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন। আর উন্নয়নকে বাস্তবে রুপ দিতে হলে সবার আগে আইনশৃঙ্খলা স্বাভাবিকসহ মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং রোধে সবাইকে ভূমিকা রাখতে হবে।

তিনি আরো বলেন, যেকোনো মূল্যে এই এলাকা থেকে মাদক পুরোপুরি নির্মূল করতে হবে। এক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। এলাকায় যারা মাদক বিক্রি কিংবা সেবনের সঙ্গে জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এলাকায় মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি প্রয়োগের নির্দেশ দেন তিনি।

উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুসের সভাপতিত্বে ও নির্বাহী অফিসার একি মিত্র চাকমার পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল, কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা প্রকৌশলী মো. মনির হোসেন খান, মতলব উত্তর থানার ওসি (তদন্ত) মো. ছানোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব, উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক মো. মুনিরুজ্জামান, উপজেলা সাব-রেজিস্ট্রার মো. ওয়াজেদ, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, সাবেক চেয়ারম্যান একেএম শরীফ উল্ল্যাহ সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্ল্যাহ, সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান তপু, মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তার।

সভায় ৫জনকে আইনশৃঙ্খলা কমিটির নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। তারা হলেন, বোরহান চৌধুরী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা নান্নু মিয়া, একেএম শরিফ উল্ল্যাহ সরকার, মানিক দর্জি, পারভীন শরীফ।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম দুপুরে উপজেলা পরিষদে প্রবেশ করলে তাকে ফুল দিয়ে স্বাগত জানান উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, প্রাথমিক শিক্ষা পরিবার, উপজেলায় কর্মরত সকল কর্মকর্তাবৃন্দ। পরে নবনির্বাচিত সাংসদকে উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন