চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে মৈশাদী ইউনিয়ন পরিষদ পরিদর্শনকালে পরিষদের বিভিন্ন খাতা পত্র পর্যালোচনা করে পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম পাটওয়ারী ও সচিব শংকর আচার্য্য কে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং সকল ইউপি সদস্যকেও সুষ্ঠু সেবা প্রদানে সহায়তা করার জন্য অনুরোধ জানান। সেই সাথে সকল ইউপি সদস্যসহ রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে ইউনিয়নের চলমান সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস প্রদান করেন তিনি।
এসময় ইউএনও সাখাওয়াত জামিল সৈকত বলেন, ইউপি চেয়ারম্যান, সচিব, সদস্য ও আমরা সরকারি চাকরীজীবিরা জনগণের সেবক। জনগণের সেবা করাই আমাদের দায়িত্ব। এমন কোন কাজ করা যাবেনা যেটা জনগণের মাঝে বিরূপ প্রভাব ফেলে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ইউএনও কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মামুনুর রহমান, মৈশাদী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মোঃ সোহরাব খান, ২নং ওয়ার্ডের রিয়াজ উদ্দিন রাজু বেপারী, ৪নং ওয়ার্ডের মোঃ মানিক গাজী, ৫নং ওয়ার্ডের মোঃ খোকন বেপারী, ৬নং ওয়ার্ডের শরীফ সর্দার, ৭নং ওয়ার্ডের রাশেদ ঢালী, ৮নং ওয়ার্ডের আল আমিন খান উজ্জল, ৯নং ওয়ার্ডের ফারুক সরকার, সংরক্ষিত মহিলা ১নং ওয়ার্ডের রহিমা বেগম, ২নং ওয়ার্ডের নিলুফা বেগম ও ৩নং ওয়ার্ডের জাহেদা বেগম, শাহতলী ভূমি অফিসের কর্মকর্তাগণ, ইউডিসি উদ্যোক্তাগণ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এর আগে পরিষদের পক্ষ থেকে ইউএনও সাখাওয়াত জামিল সৈকতকে ফুলেল শুভেচ্ছা জানান ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম পাটওয়ারী ও সচিব শংকর আচার্য্য।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত পরিষদের ডিজিটাল হল রুম, উদ্যোক্তা কক্ষ, ভূমি অফিস এবং পরিষদের ছাদের উপরে কবুতরের খামার পরিদর্শন করে প্রশংসা করেন।

মাসুদ হোসেন