ভারতের কয়লা গুহা থেকে চোরাইপথে কয়লা আনতে গিয়ে পাথর চাপায় আইয়ুব আলী (৩০) নামে বাংলাদেশি যুবক নিহত হয়েছে। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনীলাইন গ্রামের বাসিন্দা মজনু মিয়ার ছেলে তিনি।
বৃহস্পতিবার (১৪ই মার্চ) ভোররাতে আন্তর্জাতিক সীমানা পিলার ১১৯৯ এর ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া পাহাড়ের ৪ নম্বর নামক এলাকার গুহায় এ দুর্ঘটনা ঘটে বলে স্হানীয় সূত্র জানিয়েছে।
জানা গেছে, আইয়ুব আলীসহ ১০-১৫ জন সেহেরীর আগে বুরঙ্গাছড়াা এলাকা দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশ করে।
কয়লার গুহা থেকে কয়লা নিয়ে বের হয়ে আসার সময় উপর থেকে মাথায় পাথর পরে ঘটনা স্থলেই নিহত হয়।
এসময় সাথে থাকা সহযোগীরা তাকে উদ্ধার করে বাংলাদেশ সীমান্ত নিহতের বাড়িতে নিয়ে আসে। খবর পেয়ে নিহতের বাড়ি থেকে লাশ উদ্ধার করে তাহিরপুর থানা পুলিশ।
ঘটনার বিষয়ে জানতে ট্যাকেরঘাট বিওপি ক্যাম্পে মুঠোফোনে যোগাযোগ করা হলে বিষয়টি জানেন না বলে পরিচয় না দিয়ে সংযোগটি বিচ্ছিন্ন করে দেয়া হয়।
তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য সুরতহাল প্রতিবেদন তৈরি করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সুনামগঞ্জ প্রতিনিধি