প্রকাশের সময়: সোমবার, ১৮ মার্চ, ২০২৪ । ১১:৩৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যানের উপর সন্ত্রাসী হামলা

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদের উপর পরিকল্পিতভাবে অতর্কিত সন্ত্রাসী হামলা হয়েছে। সোমবার (১৮ মার্চ) সকালে নিজ বাসভবন থেকে উপজেলা পরিষদে যাওয়ার পথে এই হামলার ঘটনা ঘটে।
হামলায় তিনি বাম হাতের আঙ্গুল ও পায়ের হাঁটুতে আঘাতপ্রাপ্ত হন। আহত উপজেলা পরিষদের চেয়ারম্যানকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহিবুল্লাহ সৌরভের নেতৃত্বে একটি চিকিৎসক টিম তাকে চিকিৎসা সেবা প্রদান করেন।
ঘটনার সূত্রে জানা যায়, মতলব পৌরসভার ঘোষপাড়া মহল্লার নিজ বাসভবন থেকে উপজেলা পরিষদে যাওয়ার পথে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা সাদা শার্ট ও মুখে মাস্ক পরিহিত ১০/১২ জন উঠতি বয়সী কিশোর ও যুবক রান্নার জ্বালানি হিসেবে ব্যবহৃত লাকড়ি নিয়ে অতর্কিতভাবে আক্রমণ করে। ওই সময় উপজেলা চেয়ারম্যানের ডাক চিৎকারে আশপাশের স্থানীয় লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
উপজেলা পরিষদের চেয়ারম্যানের উপর অতর্কিত সন্ত্রাসী হামলার খবর পেয়ে ঘটনার স্থল পরিদর্শন এবং হাসপাতালে দেখতে যান সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মোঃ খাইয়ুর কবির, মতলব দক্ষিণ থানার ওসি রিপন বালা। এছাড়া খবর পেয়ে আহত উপজেলা চেয়ারম্যানকে হাসপাতালে  দেখতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতিমা সুলতানা, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও দলীয় নেতৃবৃন্দ।
মতলব দক্ষিণ থানার ওসি রিপন বালা জানান, এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত চলমান। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আহত উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ জানান, হামলাকারীরা অতর্কিতভাবেই লাকড়ি দিয়ে আমার উপর আক্রমণ করে। তাদের বয়স কম মুখে মাস্ক পড়ে থাকার কারণে কাউকে চিনতে পারিনি।
এদিকে উপজেলা পরিষদের চেয়ারম্যানের উপর সন্ত্রাসী হামলার খবর মতলবের সাধারণ মানুষের কাছে ছড়িয়ে পড়লে ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অতর্কিত এই সন্ত্রাসী হামলার পিছনে রাজনৈতিক বা অন্য কোন ইস্যু থাকতে পারে বলে তারা মনে করেন। সেই সাথে দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জোর দাবি তোলেন সুশীল সমাজ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন