প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ মে, ২০২৪ । ১১:২০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে বাটার বন খেয়ে শিশু অসুস্থ, মা বনোফুল কনফেকশনারীকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তদন্তে নেমে সত্যতা পেয়ে চাঁদপুর শহরের চিত্রলেখার মোড়ের মা বনোফুল কনফেকশনারিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়।

৭ মে মঙ্গলবার দুপুরে ওই প্রতিষ্ঠানটিতে ঢুকে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানকালে মা বনোফুল কনফেকশনারিতে খোলা খাবার রাখা, খাবারে মাছি পাওয়া, খাবারের মেয়াদ না থাকাসহ একাধিক অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে চাঁদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা নূর হোসেন রূবেল বলেন, একাধিক গণমাধ্যমে খবরটি দৃষ্টিগোচর হওয়ায় আমরা ওই প্রতিষ্ঠানে বাজার তদারকিকালে অভিযান চালিয়েছি। এরপর প্রকাশিত সংবাদের সত্যতা পেয়ে আমরা ওই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছি।

তিনি আরও বলেন, একই দিন সদরের শেখের হাট এলাকায় ডলি বেকারিতে অভিযান চালিয়ে পণ্য উৎপাদনের তারিখ ও মেয়াদের তারিখ না থাকা, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য না থাকা, হাইড্রোজ, এমোনিয়া, তারিখ বিহীন রঙ পাওয়াসহ একাধিক অপরাধে ডলি বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছি।

এসময় সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং জেলা আনসার ব্যাটালিয়নের একটি চৌকশ টিম অভিযানে সহযোগিতায় ছিলো।

প্রসঙ্গত, চাঁদপুর শহরের চিত্রলেখার মোড়ের মা বনফুল কেক অ্যান্ড ফাস্টফুডের নিজস্ব তৈরি বাটারবন খেয়ে শিশু অসুস্থ হওয়াসহ প্রতিষ্ঠানের নানা অব্যবস্থাপনা নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। সেই সূত্র ধরেই তদন্তের অভিযানে নেমে সত্যতা পেয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয় জেলা ভোক্তা অধিদপ্তরের টিম।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন