চাঁদপুরের মতলব দক্ষিণে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা ও মারধর করে রিয়াজ উদ্দিন ঢালী নামে এক ব্যক্তির হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। মঙ্গলবার (১৮ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের লামচরি বউ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রিয়াজ উদ্দিন ঢালী তেলীমাছুয়াখাল গ্রামের মৃত শরীফ উল্লাহ ঢালীর ছেলে। হামলাকারীরা একই এলাকার মৃত বাচ্চু ঢালীর ছেলে স্কুল শিক্ষক জিসান ঢালী, রোমান ঢালী ও বোরহান ঢালী। হামলা ও মারধর করে নিজেরাই জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে ঘটনাস্থলে পুলিশ নেয় হামলাকারীরা। এরপর মতলব দক্ষিণ থানা পুলিশ ও স্থানীয় লোকজন রিয়াজ উদ্দিন ঢালীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
হাসপাতালে চিকিৎসাধীন আহত রিয়াজ উদ্দিন ঢালী জানান, আমার পৈত্রিক জায়গায় রোপনকৃত ছোট গাছের চারা জোরপূর্বক কেটে পেলে আমার আপন জেঠাতো ভাই মৃত বাচ্চু ঢালীর ছেলে স্কুল শিক্ষক জিসান ঢালী, রোমান ঢালী ও বোরহান ঢালী।
এ বিষয় নিয়ে আমি প্রতিবাদ করলে তারা তিন ভাই আমাকে স্থানীয় লামচরি বউ বাজার এলাকায় একা পেয়ে বাশঁ ও লাঠি দিয়ে এলোপাথারি মারধর করে আমার হাত ভেঙ্গে দেয়। পরে তারা আমাকে আটক রেখে ৯৯৯ এ পুলিশকে কল করে আনলে পুলিশ ও স্থানীয় লোকজন আমাকে উদ্বার করে হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে প্রতিপক্ষ জিসান ঢালী মারামারি হয়েছে স্বীকার করে বলেন, প্রতিপক্ষের হাত ভাঙ্গার বিষয়টি মিথ্যা।
মতলব দক্ষিণ থানার এসআই আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এ ঘটনায় এখনও কোন লিখত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

মোজাম্মেল প্রধান হাসিব