চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক যুবদল নেতা আলী আরশাদ গাজী (৫০) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজীউন।
তিনি শুক্রবার (১৩ জুলাই) সকাল ৯ ঘটিকার সময় চাঁদপুর সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একই দিন বাদ আছর মহামায়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাঁ ময়দানে জানাজা শেষে নিজ বাড়ীর পারিবারিক কবরস্থান দাফন করা হয়। তিনি ফুসফুসের ক্যান্সারসহ অন্যান্য কঠিন রোগে দীর্ঘদিন যাবত ভোগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ছেলে ও ২মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে যান।
এদিকে মহামায়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক আবু তাহের খোকা মিজির উপস্থাপনায় জানাজার পূর্বে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন আল জামিয়াতুল ইসলামীয়া শামসুল উলুম মহামায়া মাদ্রাসার মহাপরিচালক ও উজানীর পীর আলহাজ্ব মাওলানা আশেক এলাহী (দাঃবাঃ), মহামায়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ সাইফুল ইসলাম ও মরহুমের ভাই ছিদ্দিকুর রহমান গাজী।
উক্ত জানাজায় মহামায়া বাজারের ব্যবসায়ীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, চাকুরীজীবি, সুধিজন শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ সহ বিভিন্ন এলাকার প্রায় দুই হাজার জনসাধারণ অংশগ্রহণ করেন।
জানা যায়, মোঃ আলী আরশাদ গাজী শাহমাহমুদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড লোধেরগাঁও গাজী বাড়ীর মরহুম হাসমত গাজীর সন্তান।
তিনি গত এক বছর আগে অসুস্থ হয়ে পড়লে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় তার ফুসফুসের ক্যান্সার ধরা পড়ে। পরে দেশের শীর্ষ স্থানীয় চিকিৎসকদের পরামর্শ নিয়ে কোন আশানুরুপ ফলাফল না পেয়ে ভারতের চেন্নাই হাসপাতাল গিয়ে পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসা নিচ্ছেন।
তিনি গত কয়েক মাস যাবত ভারতের চিকিৎসা অনুযায়ী বাড়ীতে থেকে বিভিন্ন থেরাপি দেওযা সহ ঔষধ সেবন করে আসছিলেন। দিনদিন তার শারিরীক অবস্থার অবনতি হতে থাকে। পরে গত
বৃহস্পতিবার (১১ জুলাই) চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে পরদিন শুক্রবার সকালে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আলী আরশাদ গাজী স্কুল জীবন শেষ করে দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে মহামায়া বাজারে মা ভ্যারাইটিজ স্টোর নামে প্রতিষ্ঠান দিয়ে ব্যবসা করে আসছেন। বর্তমানে মহামায়া বাজার মসজিদ মার্কেটের সম্মুখভাগের প্রথম দোকানটি তার। তিনি শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদকসহ ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি’র কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
এদিকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন মহামায়া বাজার ব্যবসায়ী বৃন্দ সহ চাঁদপুর জেলা বিএনপি’র পক্ষে সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সদর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠন, মহামায়া মাদ্রাসা ও মহামায়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি।

মাসুদ হোসেন