প্রকাশের সময়: বুধবার, ২১ আগস্ট, ২০২৪ । ৬:২৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে দীপু মনি ও সেলিম মাহমুদসহ ৬২৪ জনের নামে মামলা

সাইদ হোসেন অপু চৌধুরী

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে চাঁদপুর শহরে হত্যার উদ্দেশ্যে নিরীহ ছাত্র জনতার ওপর হামলা, জখম, হুমকি ও বিস্ফোরক ঘটানোর অভিযোগে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক চাঁদপুর-১ আসনের (কচুয়া) সাবেক এমপি সেলিম মাহমুদসহ ৬২৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার রাতে চাঁদপুর সদর মডেল থানায় মামলাটি করেন সদর উপজেলার ঢালীরঘাট (উত্তর বালিয়া) এলাকার মৃত আলী আকবর খানের ছেলে নুরুল ইসলাম খান। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক মীর।

মামলার বিবরণ থেকে জানা গেছে, গত ৪ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে শহরের বাসস্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্সের সামনে দুষ্কৃতিকারীরা বেআইনি সমাবেশ করে। পরে তারা হত্যার উদ্দেশ্যে সাধারণ মানুষকে গুরুতর রক্তাক্ত জখম, হুমকি দেয় ও বিস্ফোরক ঘটায়।

ওই ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, তাঁর বড় ভাই ডা. জে. আর ওয়াদুদ টিপু, চাঁদপুর-১ (কচুয়া) আসনের সাবেক এমপি ড. সেলিম মাহমুদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির সুমন, জেলা ছাত্রলীগ সভাপতি মো. জহির উদ্দিন মিজি, পৌর কাউন্সিলর কবির চৌধুরী, ফেরদৌস মোরশেদ জুয়েল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আতাউর রহমান পারভেজ, বালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন নবীরসহ ২২৪ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়।

এ ছাড়া অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক মীর বলেন, রাতেই মামলার সব কাজ সম্পন্ন হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণ শুরু হবে।

এর আগে ১৮ জুলাই চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবন ‘মনিরা ভবনে’ হামলা, ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার মামলা হয়। মামলায় দীপু মনি ও তাঁর বড় ভাইসহ ৫১০ জন নামীয় এবং অজ্ঞাতনামা ১ হাজার থেকে ১২০০ জনের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মামলা হয়।

গত ১৫ আগস্ট মামলাটি করেন চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শহরের বাগাদী রোড হাওলাদার বাড়ির বাসিন্দা কালু হাওলাদারের ছেলে আ. রাজ্জাক হাওলাদার।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন