প্রকাশের সময়: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪ । ৭:৩০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা

সাইদ হোসেন অপু চৌধুরী

চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, যেকোন উন্নয়নের অন্তরায় হচ্ছে দুর্নীতি। দুর্নীতি হলো রাষ্ট্রের উন্নতির অন্তরায়। দুর্নীতির সাথে টাকার সম্পর্ক নয়। যেকোন অনিয়মই হচ্ছে এক প্রকার দুর্নীতি।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে শহরের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, মিথ্যা কথা বললে রাষ্ট্র এগিয়ে যাবে না। আজকে যারা তোমরা এখানে আছো একসময় তোমরাই দেশ পরিচালনার কাজে থাকবে। দুর্নীতি সবসময় টাকার সাথে সম্পৃক্ত নয়, ওয়াদা ভঙ্গ করাও দুর্নীতি। আমরা সবসময় আঙুল তুলি অন্যের দিকে, সেই আঙুল নিজের দিকেও আনতে হবে। তোমরা যদি দুর্নীতির প্রতি আজকে রুখে দাঁড়াও তাহলে ভবিষ্যতে আর তোমাদের দ্বারাও দুর্নীতি হবে না। শুরুটা এখন থেকেই করতে হবে। সিদ্ধান্ত এখন থেকেই তোমাদের নিতে হবে।

ডিসি বলেন, আমরা আজকে থেকেই তোমাদের মানুষ গড়ার প্রক্রিয়া শুরু করতে চাই। তোমাদের এখন থেকেই ভালো বা মন্দ সম্পর্ক শিখতে বা জানতে হবে। মিথ্যা কথা বলা যাবে না এ কথাটা এখন থেকেই তোমাদের শিখতে হবে। আমরা একটা প্রতিশ্রুতিবদ্ধ জাতি তৈরি করতে চাই। যারা নীতিবান ও আদর্শবান হবে। সবার আগে তুমি তোমার পরিবার ও বিদ্যালয়ের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকো।

চাঁদপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. কাজী হাসেমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা প্রানকৃষ্ণ দেবনাথ, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সালাম, জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারি পরিচালক আজগর হোসেন প্রমূখ।

চাঁদপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খোরশেদ আলম চৌধুরী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুর রহমান, সদস্য বীর মুক্তিযোদ্ধা ছানাউল্ল্যাহ খান, মো. খায়রুল আহছান সুফিয়ানসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় অনুষ্ঠানে যৌথ সঞ্চালনার দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল ফেরদাউস স্নেহা ও সাবিহা সাদেক আফরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন