প্রকাশের সময়: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ । ১০:৩১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

বই মাসের শ্রেষ্ঠ সারথি সংবর্ধনা পাচ্ছেন জয়ন্তী লিমা নাজমুল

নিজস্ব প্রতিনিধি

ছড়িয়ে দিতে বই, পথের মানুষ হই-স্লোগানে নভেম্বর মাসকে ৪র্থ বই উপহার মাস ঘোষণা করে চর্যাপদ সাহিত্য একাডেমি। ঘোষণার পর থেকে মাসজুড়ে চলে বই উপহার কর্মসূচি।

পথেঘাটে, অফিস-আদালতে, স্কুল-কলেজে, এমনকি যানবাহনেও উপহার দেওয়া হয় বই।

সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের হাতে বই উপহার তুলে দেওয়া হয়। এ মাসে বিনামূল্যে এক হাজার বই পাঠকের হাতে তুলে দেওয়ার টার্গেট নিয়ে মাঠে নেমেছে প্রতিষ্ঠানটি। মাদক ও বাল্যবিবাহ রুখে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে এমন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান, একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি।

বাছাই কমিটির প্রধান দিলীপ ঘোষ জানান, কর্মসূচিতে চর্যাপদ একাডেমির সদস্যরা সক্রিয়ভাবে অংশ নিয়ে নিদের্শনা অনুযায়ী দেশের নানান প্রান্তে ছুটে গিয়ে বই উপহার প্রদান করে। এরমধ্যে সামাজিক যোগযোগ মাধ্যমে কর্মসূচির প্রচার-প্রচারণা, অধিক দিবস কর্মসূচি পালন ও সর্বোচ্চ সংখ্যক বই উপহার প্রদান করে ‘বই মাসের শ্রেষ্ঠ সারথি-২০২৪’ মর্যাদায় অভিষিক্ত হয়েছে তিনজন।

সার্বিকভাবে শ্রেষ্ঠ হয়েছেন একাডেমির সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক এবং কর্মসূচির প্রচার-প্রচারণা ও বহুসংখ্যক বই উপহার প্রদানের ক্ষেত্রে যৌথভাবে শ্রেষ্ঠ হয়েছেন নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা এবং প্রচার ও প্রকাশনা পরিচালক নাজমুল ইসলাম। পয়েন্ট সমান পর্যায়ে থাকায় দুজনকেই শ্রেষ্ঠ সারথি হিসেবে ঘোষণা করা হয়। তবে টানা ৩য় বারের মতো শ্রেষ্ঠ সারথির মর্যাদা লাভ করেছেন জয়ন্তী ভৌমিক।

বই উপহার মাসের আহ্বায়ক রফিকুজ্জামান রণি জানান, পুরো নভেম্বর মাস চলবে বই উপহার কর্মসূচি। প্রতিদিন বিভিন্ন পাঠকের হাতে বিনামূল্যে তুলে দেওয়া হয় বই। এতে অনেক বেগ পোহাতে হচ্ছে। এতো বড় চ্যালেঞ্জিং কর্মসূচিতে যে সকল সদস্য অধিক পরিমাণে পরিশ্রম করেছে এবং যাদের অবদান তুলনামূলকভাবে একটু বেশি, তাদের জন্যে ‘বই মাসের শ্রেষ্ঠ সারথি’ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সমাপনী দিবসে তাদের প্রতি আমরা সম্মান জানাবো।

চর্যাপদ একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপা জানান, শ্রেষ্ঠ সারথি সংবর্ধনা যারা পাচ্ছে তারা সীমাহীন পরিশ্রম করেছে। দূরদূরান্তে গিয়ে মানুষের হাতে বই তুলে দিয়েছে। তাদের কর্মদক্ষতার প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বছরও আমরা ‘বই মাসের শ্রেষ্ঠ সারথি-২০২৪’ প্রদানের উদ্যোগ নিয়েছি।

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক বই উপহার কর্মসূচি পালন করে আসছে চর্যাপদ সাহিত্য একাডেমি। ২০২১ সাল থেকে টানা ৪র্থ বারের মতো বই উপহার মাস পালন করছে। এর মধ্যে একটি ‘বই উপহার মেলা’ও করেছে এ প্রতিষ্ঠান। জানা যায়, এ পর্যন্ত ১২ হাজারের অধিক বই উপহার দিয়েছে চর্যাপদ একাডেমি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন