প্রকাশের সময়: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ । ৯:২৯ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে প্রথম আলো-ডেইলি স্টারের বিরুদ্ধে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি

ঢাকায় রোববার প্রথম আলো অফিসের সামনে বিশৃঙ্খলার ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুর শহরে বিক্ষোভ করেছে কতিপয় শিক্ষার্থী। আজ সোমবার (২৫ নভেম্বর) বিকেলের পর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এই বিক্ষোভ শুরু হয়।

দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার দেশবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে বলে দাবি করেন বিক্ষোভকারীরা। ‘জেয়াফত’ অনুষ্ঠানে পুলিশ অতর্কিত হামলা চালিয়েছে দাবি করে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মাঠে মানববন্ধন ও শহরে বিক্ষোভ মিছিল করেন তারা। ‘চাঁদপুরের সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ও ‘চাঁদপুরের সকল ছাত্র ও জনতা’ ব্যানারে এই বিক্ষোভ করা হয়।

এ সময় বিক্ষোভকারীরা ‘খুনি হাসিনার হাতিয়ার, প্রথম আলো ডেইলি স্টার’ বলে স্লোগান দেন। পরে চাঁদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে তাদের কর্মসূচি শেষ করেন।

এদিকে প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের চাঁদপুর প্রতিনিধি আলম পলাশকে রোববার রাতের পর একাধিক ফেসবুক আইডি থেকে নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে। আজ সোমবার বেলা ১১টায় ফোন দিয়ে এক ব্যক্তি আলম পলাশকে ফোন দিয়ে বলেন, ‘আপনি কি প্রথম আলোর সাংবাদিক? এখনো আপনি ফোন খোলা রেখেছেন? আপনার অবস্থান কোথায়? বাসা কোথায়?’

এ ঘটনায় প্রতিনিধি আলম পলাশ নিরাপত্তাহীনতা বোধ করায় বিকেলে চাঁদপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। পাশাপাশি চাঁদপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনাবাহিনী, এনএসআই, চাঁদপুর মডেল থানা ও চাঁদপুর প্রেসক্লাবসহ প্রথম আলো ও ডেইলি স্টারকে অবগত করেন।

পরে চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ আব্দুর রকিব বলেন, ‘আমরা বিষয়টি দেখছি।’

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন