চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুলের পরিবারের জন্য কোটি টাকার ফান্ড গড়ে তোলা হচ্ছে। আর এই ফান্ড সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছে মানবিক সংগঠন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনকে।
আজ সকালে চট্টগ্রামের লোহাগাড়ার পানত্রিশা গ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত ও মোনাজাত শেষে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সাংবাদিকদের এসব কথা জানান।
ধর্ম উপদেষ্টা বলেন, ‘প্রতিশ্রুতিশীল তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ আইনের শাসন, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে দেশ ও জাতিকে অনেক কিছু দিতে পারতেন। কিন্তু তাঁকেই নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই জঘন্য হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের ছাড় দেওয়া হবে না। অপরাধীদের প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তির বিধান করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।’
উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সৌহার্দ্যপূর্ণ একটি রাষ্ট্র। এই সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে দেশি-বিদেশি নানা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে। একটি বৈষম্যহীন দেশ গঠনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে অপচেষ্টা চলছে। কোনভাবেই এই চক্রান্তের ফাঁদে পা দেওয়া যাবে না। সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট হতে দেওয়া যাবে না।’
সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় সহনশীল ও দায়িত্বশীল ভূমিকা রাখতে দেশবাসীর প্রতি অনুরোধ জানান এই উপদেষ্টা।
বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ও কারাগারে পাঠানোকে কেন্দ্র করে গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে আদালত ভবনের মূল ফটকের সামনে রঙ্গম সিনেমা হল-সংলগ্ন এলাকায় সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়।

প্রিয় চাঁদপুর ডেস্ক