চাঁদপুরে বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় সোহেল খান (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।
এ ঘটনায় ইমরান খান নামে অপর মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়।
আহত ইমরানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্খায় ইমরানের মৃত্যু হয়।
রোববার বিকেলে শহরের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল বালুথুবা পশ্চিম ইউনিয়নের শেখদী গ্রামের আনোয়ার খানের ছেলে। সে পেশায় একজন অটোরিকশা চালক ছিল। ইমরান একই এলাকার মৃত লিটন খানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে সোহেল ও ইমরান মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। এসময় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে গেলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সোহেল নিহত হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত ইমরানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনার খবর পেয়ে আমরা চাঁদপুর সরকারি হাসপাতালে পুলিশ পাঠিয়েছি।
দুর্ঘটনায় সোহেল খান নামে এক যুবক নিহত হয়।
মরদেহ এখনো সরকারি হাসপাতালে রয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

নিজস্ব প্রতিনিধি