প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪ । ৫:১৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

অনিয়ম পেলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্লাক লিস্টে রাখা হবে : ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন

সাইদ হোসেন অপু চৌধুরী

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আমরা প্রতিবেশীদের সাথে শান্তিতে থাকতে চাই। কিন্তু উনারা যদি পায়ে পড়ে ঝগড়া করেন, তাহলে বাংলাদেশের মানুষ আর কোনদিন ওই দেশমুখী হবে না। মনে রাখবেন এটা ১৮ কোটি মানুষের দেশ, আপনাদের আশেপাশে থাকা ছোটখাটো দেশ নয়।’

মঙ্গলবার (০৩ নভেম্বর) সকালে নির্মাণাধীন চাঁদপুর বিআইডব্লিউটিএ টার্মিনাল ভবন নির্মাণ প্রকল্পের (বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌ-পরিবহন প্রকল্প-১) কাজের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

আধুনিক লঞ্চ টার্মিনাল কাজের অগ্রগতি প্রসঙ্গে নৌ উপদেষ্টা বলেন, ‘আগে যা অনিয়ম-চুরি হয়েছে, সেগুলো এখন আর জাল দিয়েও ধরে আনা যাবে না। এখন যাতে আর চুরি না হয় সেটাই আমাদের দেখার বিষয়। যার কারণে আমি নিজেই কাজের অগ্রগতি দেখার জন্য এসেছি। অনিয়ম পেলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্লাক লিস্টে রাখা হবে।’

তিনি আরও বলেন, ভারত বন্ধুসুলভ আচরণ করছে না, পায়ে পড়ে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ ভারতমুখী হবে না।

ভারত যা করছে কোনো কারণ নেই এসব করার। নাগরিক হিসাবে আমি মনে করি আমাদের সঙ্গে ভালো রিলেশন থাকার কথা। একটা দেশের সঙ্গে দেশের, মানুষের সঙ্গে মানুষের হয়, কে ক্ষমতায় থাকল না থাকল সেটা বড় কথা নয়। আমরা সব সময় ভারতের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করার জন্য তৈরি। আমাদের দেশে অন্য ধর্মাবলম্বী যারা আছেন তারা আমাদের নাগরিক। আমরা তাদের ভালো-মন্দ দেখছি। ভারতের গণমাধ্যম যা করছে, দয়া করে এসব করবেন না। আমরা দুই-দেশ বন্ধুত্ব নিয়ে থাকতে চাই।’

আইন প্রয়োগকারী সংস্থা এবং বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে নদী বন্দরগুলো থেকে রাজস্ব আদায় কার্যক্রমের গতি বৃদ্ধিতে প্রয়োজনীয় উদ্যোগের গ্রহণের নির্দেশনা দেন নৌ পরিবহন উপদেষ্টা। এছাড়া সরকারি নির্ধারিত ভাড়ার তালিকা প্রত্যেকটি ঘাটের দর্শনীয় স্থানে প্রদর্শন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

নদীবন্দরগুলোর সার্বিক কর্মকান্ড পরির্দশন করে সন্তোষ প্রকাশ করেন উপদেষ্টা। এ সময় সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের জন্য সকল কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান। তিনি নৌ পথে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে বিআইডব্লিউটিএ’কে আইনের কঠোর প্রয়োগ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, চাঁদপুর বিআইডব্লিউটিএ উপ পরিচালক বছির আলী খান, প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন