আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সের বিসিএস স্বাস্থ্য ক্যাডার এক ঘন্টার কলম বিরতি পালন করেছেন।
বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত শাহরাস্তির স্বাস্থ্য কমপ্লেক্সের বিসিএস স্বাস্হ্য ক্যাডারের ডাক্তারগণ কলম বিরতি করে হাসপাতাল চত্বরে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবিত উপসচিব পুলে কোটা পদ্ধতি বহাল, শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিসের বহির্ভূত করার প্রতিবাদে এবং কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে আজ এক ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারের কর্মকর্তারা।
‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ এর আহ্বানে সারা দেশে ২৫টি ক্যাডার নিয়ন্ত্রিত সব দফতরে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়।
প্রশাসন ক্যাডার বাদে বাকি ২৫ ক্যাডারের কর্মকর্তারা দেশব্যাপী এই কর্মসূচিতে অংশ নেন।
সম্প্রতি সংস্কার কমিশন উপসচিব পুলে প্রশাসন ক্যাডারের জন্য ৫০ শতাংশ কোটা রেখে অন্যান্য ২৫টি ক্যাডারের জন্য ৫০ শতাংশ পরীক্ষার ভিত্তিতে নিয়োগ এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিস হতে আলাদা করার সুপারিশ করে।
‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ এর সঙ্গে কোনরকম আলোচনা ছাড়াই এমন সিদ্ধান্তের প্রতিবাদে পরিষদ কলম বিরতি ছাড়াও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
এ প্রসঙ্গে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাঃ আকলিমা জাহান বলেন, গত মঙ্গলবার ঠিক একই স্থানে আমরা ১ ঘন্টার কলম বিরতি কর্মসূচি পালন করেছি।
আজ ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আমাদের কর্মস্থলের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এছাড়া আগামী ৪ঠা জানুয়ারি, ২৫ ঢাকায় মহা সমাবেশ আয়োজন করার কথা রয়েছে বলে তিনি জানান। সেখান থেকে বড় কর্মসূচি আসার সম্ভাবনা রয়েছে।
তিনি আরো বলেন, আমাদের স্বাস্থ্য ক্যাডারদের সংস্কারের নামে যে অপসংস্কার চলছে তার প্রতিবাদে আমাদের এই কর্মসুচী। আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, তা যেন দ্রুত নিরসন হয়।
তিনি দুঃখ করে বলেন, কোভিড যুদ্ধে জীবন বাজি রেখে মানবসেবা দেওয়া ডাক্তারদের বিরুদ্ধে ষড়যন্ত্র দেশবাসী অবশ্যই রুখে দিবে।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ডা: তানজিনা সুলতানা সিনিয়র কনসালটেন্ট (প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগ), শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ অচিন্ত্য কুমার চক্রবর্তী, ডা: আহসানুল কবির (কনসালটেন্ট, হৃদরোগ বিভাগ), ডাঃ অসিত কুমার দাস (ডেন্টাল সার্জন) ডাঃ খন্দকার আতিকুর রহমান (শিশু বিশেষজ্ঞ), ডাঃ সাইফুল ইসলাম, ডাঃ জিল্লুর রহমান, ডাঃ ফারুক হোসেন, ডাঃ খালিদুর রহমান, ডাঃ ফরিদা ইয়াসমিন কনা (হোমিও বিশেষজ্ঞ), ডাঃ মুশফিক বিন বাকের, ডা: আব্দুল্লাহ আল মামুন মেডিকেল অফিসার সহ অন্যান্য ডাক্তারগন উপস্থিত ছিলেন।

মোঃ মাসুদ রানা