প্রকাশের সময়: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ । ৯:৫৫ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

জামায়াতে ইসলামীকে রাজাকার বলে মিথ্যা অপবাদ দিচ্ছে বিএনপি : তাহের

মো. মোশারফ হোসেন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে সমালোচনা না করে বিএনপি, জামায়াত মিলে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি।

তিনি বলেন- ‘জামায়াতে ইসলামীকে রাজাকার বলে মিথ্যা অপবাদ দিচ্ছে বিএনপি। ২০ বছর একসঙ্গে মিছিল-মিটিং করেছেন, আপনারাতো তার ভাগীদার। সমালোচনা না করে আসুন জাতীয় ঐক্য গড়ে তুলি।’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির বলেন, ‘বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও নজরুল ইসলাম খান সম্প্রতি সময়ে বলেছেন জামায়াতের সঙ্গে দূরত্ব নাই। তারা জাতীয় ঐক্য চান। আসুন দেশ গঠনে আমরা জাতীয় ঐক্য গড়ে তুলি। সমালোচনা–পর্যালোচনার মিথ্যাচারের রাজনীতি পরিহার করি। দেশের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের আরও বলেন, ‘মানুষ ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগ চেয়েছে। কিন্তু আল্লাহ তাঁকে দেশত্যাগে বাধ্য করেছেন। ইতিহাস কোনো জালেমকে ক্ষমা করে না। ফ্যাসিবাদ কখনো টিকে থাকতে পারে না। তাদের নিকৃষ্ট পতন হয়। পুলিশের আতঙ্কে আমাদের গাড়ির জানালা বন্ধ করে চলতে হতো। কিন্তু আল্লাহ আজ তাদের বিতাড়িত করেছেন, আমাদের সম্মানিত করেছেন। তাই সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে।’

আওয়ামী লীগের শাসনকালকে এ জাতির জন্য অন্ধকার ও কলঙ্কজনক অধ্যায় বলেও মন্তব্য করেন জামায়াতের এই কেন্দ্রীয় নেতা। শেখ মুজিবুর রহমানের সমালোচনা করে সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘তিনি নিজেই বলেছিলেন আমার সামনে চোর, পেছনে চোর, ডানে চোর, বায়ে চোর। তাঁর কর্মীরা বলতো, নেতা আপনি আয়নার সামনে দাঁড়ালে কী দেখেন?’

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে আমন্ত্রিত অতিথিরা।

বিএনপির কিছু নেতার উদ্দেশ্যে জামায়াত নেতা বলেন, ‘আপনারা যদি জামায়াতকে রাজাকার বলেন, তাহলে ২০ বছর আমাদের সাথে কেনো ছিলেন। আমরা যদি খারাপ হই তাহলে তো আপনারাও খারাপের অংশ হবেন। আমরা যারা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, মতবিরোধ নয় আসুন জাতীয় ঐক্য গড়ে তুলি, মিথ্যাচারের রাজনীতি পরিহার করি।’

ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের বলেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে কর্মসংস্থান নিশ্চিত করা হবে। নাহলে রাষ্ট্রীয়ভাবে ভাতা দেওয়া হবে। জামায়াত কোনো মানুষের সঙ্গে, রাষ্ট্রের সঙ্গে বেঈমানি করবে না। তাই নিজেদের অধিকার আদায়ে জামায়াতকে একবার সুযোগ দেবেন।’

হাজীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর বিএম কলিম উল্লাহর সভাপতিত্বে ও পৌর জামায়াতে ইসলামীর আমির আবুল হাসনাত পাটোয়ারীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন, কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় শুরার সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, সাবেক জেলা আমীর মাওলানা আব্দুর রহিম পাটওয়ারী, নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ শাহাজাহান মিয়া, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হোসাইন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুনুর রশিদ, শহর আমির অ্যাডভোকেট শাহজাহান খানসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন