নিরাপদ সড়ক, দুর্ঘটনারোধে দু’টি স্পিড ব্রেকার স্থাপনের দাবীতে চাঁদপুরের ফরিদগঞ্জের হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের মনতলা বাজারে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা।
এসময় দু’পাশের শত শত যানবাহন প্রায় ৩ঘন্টা আটকা পড়ে।
সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় শুরু হওয়া সড়ক অবরোধ ১২টা ৪৫ মিনিটে শেষ হয়। নতুন করে সড়ক সংস্করের পর স্পিড ব্রেকার না থাকায় গেল ১ সপ্তাহে ৫ টি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে মসজিদের ইমামসহ ২ জন মারা যায়। আহত হয় আরও ৪ জন।

স্থানীয় এলাকাবাসীর পক্ষে আন্দোলনরত নাঈম হোসাইন জানান, দু’টি স্প্রিড ব্রেকার স্থাপন ও গত (১২ জানুয়ারী) সড়ক দুর্ঘটনায় নিহত পশ্চিম চালিয়াপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুহাম্মাদ শাহানুর ইসলামের পরিবারকে সরকারিভাবে আর্থিক সহায়তা নিশ্চিত করা। ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসার আমাদের দাবীগুলো বাস্তবায়নে আশ্বস্ত করেছেন।
আন্দোলনকারী শাহাবুদ্দিন জানান, সড়কটি সংস্কারের পর থেকে দুর্ঘটনা বেড়েছে। মনতলা বাজারের পাশেই চালিয়াপাড়া মসজিদের ইমামসহ দুজন মারা গেছেন। আমাদের এই আন্দোলনে দূর দূরান্তের যানবাহন সহ যে সকল যাত্রীরা দুর্ভোগে পড়েছেন তাদের নিকট দুঃখ প্রকাশ করছি।

মনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোতাহের হোসেন জানান, এখানে দুইটি স্পিড ব্রেকার ছিল কিন্তু সড়ক সংস্কারের পর তা না থাকায় এ দুর্ঘটনা ঘটছে। স্পিড ব্রেকারের জন্য জেলা সড়ক বিভাগ, ইউএনও ও জেলা প্রশাসক বরাবর আবেদন করেও সুরাহা পায়নি। অতি দ্রুত এখানে স্পিড ব্রেকার নির্মাণ করতে হবে।


নিজস্ব প্রতিনিধি