প্রকাশের সময়: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ । ৩:৪৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে আওয়ামী লীগের একাধিক নেতাসহ ৬৪ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির কার্যালয়ে দলীয় কর্মসূচি পালনের সময় নাশকতার ঘটনায় আওয়ামী লীগের একাধিক নেতাসহ ৬৪ জনকে নামীয় এবং ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছে।

রোববার দুপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে বিস্ফোরক ও অস্ত্র আইনে মামলাটি করেন ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা এমরান হোসেন স্বপন।

রোববার রাতে মামলার তথ্যের বিষয়টি নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আলী চৌধুরী। তিনি জানান, মামলাটি আমলে নিয়ে ফরিদগঞ্জ থানাকে তদন্তসহ পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য নির্দেশনা প্রদান করেছেন বিচারক।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন– ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী (৭৫), উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার (৬৫), উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খাজে আহমেদ মজুমদার (৪৬)। বাকি আসামিরাও ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

মামলার বিবরণে বলা হয়, ২০২২ সালের ১ অক্টোবর বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার কালির বাজার রাস্তার মাথায় মোড়ের দক্ষিণ পাশে সিরাজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় ঘোষিত প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচি পালন করা হচ্ছিল। ওই সময় ১ নং আসামি খাজে আহমেদ মজুমদারসহ তার সহযোগী প্রায় দেড় শতাধিক লোক কর্মসূচিতে আসা নেতা-কর্মীদের উদ্দেশ্যে বোমা বিস্ফোরণ ঘটায়। একই সময় বিএনপির নেতা-কর্মীদের হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র এবং পিস্তল হাতে আতঙ্ক ও ভীতির সৃষ্টি করে। কয়েকজন একত্রিত হয়ে কয়েক রাউন্ড ফাঁকা ফায়ার করে। ওই সময় বিএনপি নেতা-কর্মীদের তাদের হাত থেকে রক্ষা পেতে কয়েক লাখ টাকাও দিতে হয়।

মামলার বাদী এমরান হোসেন বলেন, ‘বিগত সরকারের আমলে বিএনপি নেতা-কর্মীরা ঠিক করে কথা বলতে পারেনি, দলীয় কর্মসূচি পালন করতে পারেনি। বহু নির্যাতন, হত্যা এবং মামলা-হামলার শিকার হয়েছে। যে কারণে ওই সময় এই ঘটনায় মামলা করতে পারিনি। তবে এখন পরিবেশ অনুকূলে থাকায় মামলা করেছি। আমি এই মামলার ন্যয় বিচার দাবি করি।’

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন