চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
দিবসটি উপলক্ষে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রভাতফেরী বের করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম মোল্লার নেতৃত্বে প্রভাতফেরীটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে পুষ্পস্তবক অর্পণ করে।
এসময় বিদ্যালয়ে অধ্যয়নরত বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থীরা বিভাগীয় পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। একই সাথে পুষ্পস্তবক অর্পণ করেন মহামায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্বেচ্ছাসেবী সংগঠন চাঁদপুর প্রভাত সমাজকল্যাণ সংস্থা, শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রদল সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
পরে সকল ভাষা শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহনাফ আব্দুল কাদির। এসময় উপস্থিত ছিলেন, শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ, উক্ত বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল কাসিম, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ মাষ্টার, সাংবাদিক মিজানুর রহমান পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশেক এলাহী সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

মাসুদ হোসেন