জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে হাজীগঞ্জ উপজেলা ও পৌর জামায়াতে ইসলামী এক বিশাল বর্ণাঢ্য মিছিল করেছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্বরোড এলাকায় গিয়ে শেষ হয়। উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্বাগত মিছিলকে কেন্দ্র করে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
স্বাগত মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট শাহাজান মিয়া, জেলা সহকারি সেক্রেটারি মাও. আবুল হোসাইন, উপজেলা সাবেক আমীর হাফেজ মাও. মীর হোসাইন, হাজীগঞ্জ উপজেলা আমীর বিএম কলিম উল্যাহ, নায়েবে আমীর মোজাম্মেল হোসেন পরান, পৌর আমীর আবুল হাসানাত পাটোয়ারী, সাবেক ইউপি চেয়ারম্যান মাও আবু জাফর সিদ্দিকী প্রমূখ।
আগামীকাল (২২ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় ভাষণ দেবেন।
সমাবেশ শেষে তিনি ঢাকায় ফিরার পথে হাজীগঞ্জ বিশ্বরোড এলাকায় বিকাল ৩ ঘটিকায়য় বিশাল পথ সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
দেশব্যাপী সাংগঠনিক সফরের অংশ হিসেবে তার এই সফরকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। শহরের বিভিন্ন জায়গায় ব্যানার, পোস্টার ও ফেস্টুনে সাজানো হয়েছে। সর্বত্র সাজসাজ রব পরিলক্ষিত হচ্ছে।
জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট শাহাজান মিয়া বলেন, ‘আমিরে জামায়াতের এ সফর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার উপস্থিতি আমাদের সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করবে। আমি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি, সবাই ঐক্যবদ্ধভাবে সমাবেশে অংশগ্রহণ করে এটিকে সফল করে তুলুন।’

সাইফুল ইসলাম সিফাত