জননিরাপত্তা বিধান ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ডিএমপিসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সমন্বয়ে সমন্বিত চেকপোস্ট ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।
ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সূত্রে জানা যায়, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১টা থেকে ওই দিনগত রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে ডিএমপির ৫৮৬টি টহল টিম দায়িত্ব পালন করে। এ ছাড়া মহানগর এলাকার নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি ৬৫টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করে।
জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় ডিএমপির টহল দলের পাশাপাশি মহানগরীর বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে সিটিটিসির ১৪টি, অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) ১২টি এবং ডিএমপির সাথে র্যাবের ১০টি টহল টিম দায়িত্ব পালন করে। এ ছাড়া ডিএমপির সাথে পুলিশের বিশেষায়িত ইউনিট এপিবিএন ২০টি চেকপোস্ট পরিচালনা করে।
গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৮৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে ৮ জন ডাকাত, ২৬ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, ৬ জন চাঁদাবাজ, ২০ জন চোর, ১৬ জন চিহ্নিত মাদক কারবারি, ৩১ জন পরোয়ানাভুক্ত আসামি।
অভিযানে ৩০০ রাউন্ড গুলি ও বিভিন্ন অপরাধে ব্যবহৃত তিনটি চাকু, তিনটি সুইচ গিয়ার, পাঁচটি মোবাইল ফোন ও নগদ ১৬০০ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া অভিযানে উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ১০ লিটার দেশি মদ, ১২১ পিস ইয়াবা, এক কেজি ২৫০ গ্রাম গাঁজা ও ১২.৫ গ্রাম হেরোইন।

প্রিয় চাঁদপুর ডেস্ক