ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মার্চ) ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন।
তিনি তার বক্তব্যে বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গঠন করবো, যে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে। তারা স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করতে পারবে। কোন নির্যাতন, দখলদারিত্ব ও বৈষম্যের শিকার হতে হবে না। বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। তবে এখনো বিভিন্ন সেক্টরে বৈষম্য রয়ে গেছে। যারা এই গণহত্যা চালিয়েছে আগে তাদের বিচার হবে, তারপর নির্বাচন হবে। ফ্যাসিবাদী দলের ছাড়া সকল দল ঐক্যবদ্ধভাবে থেকে একই প্লাটফর্মে এসে কাজ করবো ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে থেকে এই পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের নেতাদের ভাগ্যের পরিবর্তন হলেও আপামর জনতার ভাগ্যের উন্নতি হয়নি। এই বৈষম্য দূর করতে হলে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার কোন বিকল্প নেই।
ইসলামী ছাত্র আন্দোলনের প্রত্যেকটি নেতাকর্মীরা দেশপ্রেম, ঈমান, ইসলাম, এবং মানবতার ব্যাপারে সজাগ থাকতে হবে। আমরা নতুন করে আমার দেশের রাজনীতি এবং রাষ্ট্র ব্যবস্থা গড়তে চাই। আগামীর বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র গঠন করার জন্য পীর সাহেব চরমোনাই হাতকে শক্তিশালী করার জন্য ছাত্র সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
শাহমাহমুদপুর ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা রফিকুল ইসলাম কাউছার এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ইসলামী আন্দোলনের জয়েন্ট সেক্রেটারী শাহ জামাল গাজী সোহাগ, চাঁদপুর সদর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডা. মোঃ বেলাল হোসেন, শাহমাহমুদপুর ইউনিয়ন শাখার সহ সভাপতি আবুল কাশেম।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার দাওয়া সম্পাদক আব্দুল মোতালেব চৌধুরীর সঞ্চালনায় সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর শাহমাহমুদপুর ইউনিয়ন শাখার নতুন কমিটি ঘোষণা করেন চাঁদপুর সদর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডা. মোঃ বেলাল হোসেন।
এতে সভাপতি হিসেবে রফিকুল ইসলাম কাউছার, সেক্রেটারী হিসেবে মোঃ দেলোয়ার মাস্টার ও সাংগঠনিক সম্পাদক হিসেবে আব্দুল কাদেরকে দায়িত্ব দেয়া হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত পেশ করেন হাফেজ মোঃ তাছনিম হাসান।

মাসুদ হোসেন