মধ্যপ্রাচ্যের নিরীহ জনগণের উপর চলমান সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে আজ সোমবার (৭ এপ্রিল) জামায়াতে ইসলামী শাহরাস্তি শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
নিজমেহের কালিবাড়ী মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঠাকুর বাজারের উত্তর প্রান্তে গিয়ে শেষ হয়।
এসময় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন, উপজেলা আমীর মোঃ মোস্তফা কামাল এবং পৌর আমীর মাওলানা জাহাঙ্গীর আলম।
নেতৃবৃন্দ বলেন, “যেভাবে নারী, শিশু ও নিরীহ সাধারণ মানুষের উপর বর্বর আক্রমণ চালানো হচ্ছে, তা মানবতা ও ন্যায়ের পরিপন্থী। আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতা অত্যন্ত হতাশাজনক। জাতিসংঘসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানাই।”
তারা আরও বলেন, এখনই সময় মুসলিম বিশ্বকে এক হয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। সেইসাথে তাঁরা সকলের প্রতি আহ্বান জানান, আগ্রাসী শক্তির পণ্য বর্জন করতে এবং সকল প্রকার লেনদেন ও ব্যবহার থেকে বিরত থাকতে।
সমাপনী বক্তব্যে জামায়াত নেতারা বলেন, “আমরা বিশ্বাস করি, অত্যাচার ও নিপীড়নের অবসান ঘটবে। মানবতার জয় হবেই। আল্লাহর বিধান প্রতিষ্ঠা হবে, ইনশাআল্লাহ।”

মোঃ রাফিউ হাসান হামজা