পহেলা বৈশাখ উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্র মহামায়া বাজারের সকল ক্রেতা-বিক্রেতা সহ চাঁদপুরবাসীকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন সরকারি নিবন্ধনকৃত প্রতিষ্ঠান মহামায়া বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।
রবিবার (১৩ এপ্রিল) সমিতির পক্ষ থেকে এক শুভেচ্ছা বার্তায় জানান, আমাদের গত বছরের ক্লান্তি, হতাশা ও গ্লানিকে অতিক্রম করে নতুন উদ্যমে অগ্রসর হতে হবে। বাংলা সন-তারিখ আমাদের প্রাত্যহিক জীবন, দৈনন্দিন অর্থনৈতিক কর্মকান্ডের অপরিহার্য অনুষঙ্গ, তাই এটি জাতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। সুপ্রাচীনকাল ধরে গড়ে ওঠা ভাষা ও কৃষ্টির নিবিড় বন্ধন ভেঙ্গে ফেলার জন্য বিদেশী আধিপত্যবাদী প্রভুরা সাংস্কৃতিক আধিপত্য বিস্তারের জন্য মহাপরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে। আমাদের এ সম্পর্কেও সচেতন ও সদা জাগ্রত থাকতে হবে।
বৈশাখের বহ্নিতাপে সমাজ থেকে মুছে যাক অসত্য, অন্যায়, অনাচার ও অশান্তি। চারিদিকে প্রবাহিত হোক শান্তির সুবাতাস, সুশীলা নদী, সমস্ত জগৎ হোক অমৃতময়। ১৪৩২ বাংলা সনের নতুন প্রভাতের প্রথম আলোতে দেশবাসীকে আবারও জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ নববর্ষ।

প্রিয় চাঁদপুর ডেস্ক