প্রকাশের সময়: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫ । ১১:২১ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

একদিনেই নিভে গেল তিনটি প্রাণ

প্রিয় চাঁদপুর ডেস্ক

কক্সবাজারের মহেশখালী, টেকনাফ ও চকরিয়ায় পৃথক তিনটি ঘটনায় একদিনে প্রাণ হারিয়েছেন তিনজন।

সোমবার (১৪ এপ্রিল) এসব মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে।

রাজনৈতিক তর্কের জেরে মহেশখালীতে বিএনপি নেতা নিহত: সোমবার সকাল ১১টার দিকে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকায় রাজনৈতিক তর্কবিতর্কের একপর্যায়ে ছাত্রলীগ কর্মীর লাঠির আঘাতে আব্দুর রশিদ (৪৫) নামের এক বিএনপি নেতা নিহত হন। তিনি ওই ইউনিয়নের মৃত লাল মিয়ার ছেলে এবং স্থানীয় বিএনপি ইউনিয়ন কমিটির সদস্য।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—অমিত ইকবালের ভাই মো. কামরুল ও সহযোগী হেলাল উদ্দিন। অভিযুক্ত অমিত ইকবাল ছাত্রলীগের কালারমারছড়া ইউনিয়ন কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।

টেকনাফে পাহাড়ে গলিত বস্তাবন্দি মরদেহ উদ্ধার: একই দিন দুপুর ১২টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের উলুচামরী পাহাড়ে একটি বস্তাবন্দি গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানায়, তারা পাহাড়ে মরহুম মৌলভি কেফায়েত উল্লাহর বসতভিটার পাশে বস্তাবন্দি একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

পুলিশ নিশ্চিত করে, মৃতদেহটি হ্নীলা হামজারছড়ার মৃত ছৈয়দ হোছন বৈদ্যের ছেলে মাহবুর রহমান (১৯)-এর। তিনি ১০-১২ দিন আগে একটি টমটমসহ নিখোঁজ হন। তবে এখনো টমটমটির কোনো সন্ধান মেলেনি।

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে মৃত্যু এদিন সকালে চকরিয়া উপজেলার উত্তর সুরাজপুর ৯ নম্বর ওয়ার্ডে বন্য হাতির আক্রমণে আব্দুল করিম (৪২) নামের এক ব্যক্তি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে চকরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, তিনটি মরদেহই উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিটি ঘটনায় পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন