চাঁদপুরের হাজীগঞ্জে সাপের কামড়ে শিল্পী বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ ওই গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী।
নিহতের স্বজনরা জানান, শিল্পী বেগম সকাল ৮টায় রান্নাঘরে মসল্লা বাটতে গেলে পাটার পাশে লুকিয়ে থাকা বিষাক্ত সাপ ভিকটিমের ডান হাতে কামড় দেয়। ওই সময় শিল্পীর চিৎকারে পরিবারের লোকজন এসে দেখেন সাপটি পালিয়ে যাচ্ছে। পরিবারের লোকজন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে দ্রুত কুমিল্লায় রেফার করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেলে অফিসার ডা. নাজমুল করিম জানান, ‘সকাল সাড়ে ৯টায় শিল্পী নামে সাপে কাটা রোগী আসেন। তার অবস্থার অবনতি দেখে কুমিল্লায় রেফার করি।
ওই গৃহবধূর স্বজনরা জানান, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিল্পী বেগমকে মৃত ঘোষণা করেন।

সাইফুল ইসলাম সিফাত