চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া।
সোমবার (৫ মে ২০২৫) বিকেলে পৌরসভা কার্যালয়ের প্রশাসকের অফিস কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।
অনুষ্ঠানে সদ্য বিদায়ী প্রশাসক ও উপজেলা ভূমি সহকারী কমিশনার এ.আর.এম. জাহিদ হাসান আনুষ্ঠানিকভাবে তার হাতে দায়িত্ব হস্তান্তর করেন। তিনি ২০২৪ সালের ১৯ আগস্ট থেকে প্রায় ৯ মাস ফরিদগঞ্জ পৌর প্রশাসকের দায়িত্ব পালন করেন।
চলতি বছরের ৯ ফেব্রুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের আলোকে ‘ক’ শ্রেণির পৌরসভার প্রশাসকের দায়িত্ব উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর ন্যস্ত করা হয়। সে অনুযায়ী কার্যক্রম সমন্বয় করে সোমবার বিকেলে দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর নির্বাহী কর্মকর্তা শাহ্ সুফিয়ান খান। এতে আরও বক্তব্য রাখেন নবনিযুক্ত পৌর প্রশাসক সুলতানা রাজিয়া, বিদায়ী প্রশাসক এ.আর.এম. জাহিদ হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম, উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মেজবাহ উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান এবং মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা আক্তার।
এছাড়াও উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা।
বক্তব্যে নবনিযুক্ত পৌর প্রশাসক সুলতানা রাজিয়া বলেন, “আমি সকলের সহযোগিতা কামনা করছি। এই পৌরসভার সার্বিক উন্নয়নে আমরা সবাই একসাথে কাজ করব। আপনাদের সহায়তায় এ পৌরসভাকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই।”

এস. এম ইকবাল