চাঁদপুরের কচুয়া উপজেলায় ইমান হোসেন দিপু (৩০) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার (১৬ মে ) সন্ধ্যায় ৬টার দিকে যেকোনো সময় কান্দিরপাড় গ্রামের হারুন মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ইমান হোসেন উপজেলার কান্দিরপাড় গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
নিহতের স্ত্রী রোকসানা আক্তার জানান, আমার বিয়ে হওয়ার দুই বছর পর থেকেই আমার স্বামী মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন। বিভিন্ন সময় ঘরের আড়ার সাথে আত্মহত্যার চেষ্টা করে। তিনি দীর্ঘ ১০ বছর যাবত মানসিক ভারসাম্যহীন আমার স্বামী। আমি দুই সন্তানের জননী।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ বাড়িতে ঘরের ফ্যানের হুকের সঙ্গে ওড়না পেঁচিয়ে ইমান আত্মহত্যা করে। খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে লাশ উদ্ধার করি। নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পরিবার থেকে জানা গেছে। আত্মহত্যার কারণ উদঘাটনে আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।”
এ ঘটনায় কচুয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মো. রাছেল, নিজস্ব প্রতিনিধি