“বন্ধুত্বের ঐক্য গড়ে, সেবার সুড়ঙ্গ পথে হাঁটবো” এই স্লোগানে উজ্জীবিত বাংলাদেশ সরকারের নিবন্ধিত স্বেচ্ছাসেবী, সামাজিক ও শিক্ষামূলক কাজে ব্যাপৃত চাঁদপুরের শিক্ষিত তরুণ প্রজন্মের অরাজনৈতিক প্ল্যাটফর্ম “অঙ্গীকার বন্ধু সংগঠন ও যুবকল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত ২০২৪ এর ৫ম শ্রেণির শিক্ষা সমাপনী মেধাবৃত্তি ও ১২তম বর্ণ প্রতিযোগিতার পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান ২৩ মে, শুক্রবার মতলব উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
মতলব দক্ষিণ উপজেলা পর্বের এই আয়োজনে সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সভাপতি মুহাম্মদ আল আমিন মিয়াজীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এএস পলাশ ও সহ সভাপতি ওয়ালীউল্যাহ সরকার তৌহিদের যৌথ সঞ্চালনায় প্রথমে ক্বোরআন তেলাওয়াত করেন মেধাবৃত্তি পরীক্ষায় বিজয়ী শিক্ষার্থী আরিয়ান আল আরাফ, গীতা পাঠ করেন শিক্ষার্থী আদ্রিতা সরকার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন মতলব কচি-কাঁচার মেলার সভাপতি, বিশিষ্ট শিশু সংগঠক মাকসুদুল হক বাবলু । তিনি তার বক্তব্যে বলেন, অঙ্গীকার বন্ধু সংগঠন ভাষার মাসে যে বর্ণ প্রতিযোগিতার আয়োজন করেছে তা’ প্রশংসাজনক।
৫ম শ্রেণিতে মেধাবৃত্তি এবং প্রাক-প্রাথমিক ও প্রথম শ্রেণিতে বর্ণ প্রতিযোগিতা মেধা অন্বেষণে খুব প্রেরণাদায়ক। আমরা শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া সহ সবক্ষেত্রে সবাই মিলে আমাদের এই ঐতিহ্য, মান ধরে রাখতে কাজ করবো। এসময় তিনি বলেন-মেধাবৃত্তি ও বর্ণ প্রতিযোগিতা কোমলপ্রাণ শিক্ষার্থীদের পড়াশোনায় আরো আগ্রহী করে তোলবে। অঙ্গীকার বন্ধু সংগঠন স্বেচ্ছাসেবী, সামাজিক ও শিক্ষামূলক কাজে প্রতিষ্ঠালগ্ন থেকেই কাজ চালিয়ে যাচ্ছে। আমি এই সংগঠনের শুরু থেকে আছি।তিনি যোগ করেন এভাবে, ভাষার মাসে বর্ণ প্রতিযোগিতা আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। বর্ণ হচ্ছে ভাষার মূল ভিত্তি। বর্ণ যদি সঠিকভাবে উচ্চারণ করতে না পারি, তাহলেতো আমার ভাষা কোনো কাজে আসলোনা। ২০১৪ সাল থেকে বর্ণ প্রতিযোগিতা আয়োজন হয়ে আসছে, ব্যাপক সাড়া পাচ্ছে।আমি আমার অবস্থানে থেকে অঙ্গীকার বন্ধু সংগঠনের ভালো ভালো কাজ এগিয়ে নিতে সম্পৃক্ত থাকবো।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব বাজার শাহী জামে মসজিদের খতিব,আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম কমপ্লেক্সের মোহতামিম মাওলানা মুফতি গোলাম সারোয়ার ফরিদি। তার বক্তব্যে অঙ্গীকার বন্ধু সংগঠন ও যুবকল্যাণ সংস্থার নামকরণ সহ স্বেচ্ছাসেবী, সামাজিক ও শিক্ষামূলক কাজের বিষয়ে ইসলামি রেফারেন্স তুলে ধরে তাৎপর্য ব্যক্ত করেন। পিছিয়ে পড়া সমাজে সাংগঠনিক কাজ এগিয়ে নেয়ায় সংগঠনের সাথে জড়িত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন সহ সবসময় ভালো কাজে পাশে থাকার ইচ্ছা প্রকাশ করেন।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন মতলব প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক আমির খসরু, সংগঠনের উপদেষ্টা পরিষদ সদস্য, মতলব দক্ষিণ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি ফারুক আহমেদ বাদল, উপদেষ্টা পরিষদ সদস্য ও বিশিষ্ট বাচিক শিল্পী সাংবাদিক সাইয়্যেদুল আরেফিন শ্যামল, মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান যুগ্ম আহবায়ক রেদোয়ান আহমেদ জাকির, মতলব প্রেসক্লাবের সদস্য এ এম ইদ্রিস খান। এছাড়াও অভিভাবকদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহাম্মদ মামুন মিয়া, শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান বিএসসি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসান মামুন।
উপস্থিত সকল বক্তা তাদের বক্তব্যে উল্লেখ করেন, অঙ্গীকার বন্ধু সংগঠন করোনাকালীন সময়ে উপজেলা প্রশাসনের আহবানে সাড়া দিয়ে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছিলেন। মাদকমুক্ত সুন্দর সমাজ প্রতিষ্ঠায় সামাজিক সংগঠন হিসেবে অঙ্গীকার আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।তারা বলেন, করোনাকালীন সময় সহ বিভিন্ন দূর্যোগকালীন সময়ে অঙ্গীকার বন্ধু সংগঠন অতীতে পীড়িত মানুষের পাশে ছিলো। ২০১৩ সাল থেকে স্বেচ্ছাসেবী, সামাজিক ও শিক্ষামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে বিরতিহীনভাবে। এই সকল কাজ করতে গিয়ে বিভিন্ন বাঁধা-বিপত্তি অতিক্রম করে বন্ধুত্বের ঐক্য গড়ে, সেবার সূড়ঙ্গ পথে হেঁটে চলছে। বক্তারা এমন মহতী উদ্যোগে একাত্মতা প্রকাশ করেন এবং আগামী দিনেও এরকমভাবে মহতী কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।

এ সময় সংগঠনের পক্ষে মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সহ সভাপতি ও মেধাবৃত্তি প্রকল্প বাস্তবায়ন উপ-কমিটির আহবায়ক জয়ন্তী ভৌমিক, সারসংক্ষেপ আলোচনা করেন এলিট পরিষদের সদস্য রোমান সরকার, কার্যনির্বাহী পরিষদের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিহাদুল ইসলাম। পুরো অনুষ্ঠান জুড়ে উপস্থিত থেকে আয়োজন সফল করেন বর্ণ প্রতিযোগিতা উদযাপন উপ-কমিটির আহবায়ক ও সংগঠনের অর্থ সম্পাদক মাহিনুর ইসলাম বৃষ্টি, সদস্য সচিব মো: কামরুল হাসান, প্রচার সম্পাদক সিমান্ত পাল, শিক্ষার্থী কল্যাণ সম্পাদক সৈকত তালুকদার, সদস্য মাজেদা আক্তার, সিয়াম হোসেন সহ অন্যান্য সদস্যগণ।
উল্লেখ্য, মেধাবৃত্তি পরীক্ষায় ০৫ জনকে ট্যালেন্টপুলে, ১০ জনকে সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হয়। প্রত্যেককে ক্রেস্ট, সনদ ও প্রাইজমানি দেয়া হয়েছে। বর্ণ প্রতিযোগিতায় প্রাক-প্রাথমিক ও ১ম শ্রেণিতে ১০জন করে মোট ২০ জনকে মেধাস্থানক্রম অনুযায়ী এবং আরও ১০ জন করে মোট ২০ জনকে বিশেষ স্থান ক্যাটাগরিতে ক্রেস্ট, সনদপত্র প্রদান করা হয়েছে।
সবশেষে সভাপতির বক্তব্যে সংগঠনের সহ প্রতিষ্ঠাতা ও কার্যনির্বাহী পরিষদের সভাপতি সাংবাদিক আল আমিন মিয়াজী বলেন, আমাদের মহতি আয়োজনে আপনাদের সহযোগিতা কাম্য। বিশেষত ধন্যবাদ জানাই সাপ্তাহিক অরুণোদয় পত্রিকার উপদেষ্টা সম্পাদক ও প্রাইম টিভির চেয়ারম্যান সেলিম মোহাম্মদ ভাইয়ের প্রতি। যিনি বুদ্ধি,পরামর্শ ও আর্থিক সহযোগিতা অব্যাহত রেখেছেন। উপস্থিত সকল অতিথিবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের ধন্যবাদ জানাচ্ছি।

নিজস্ব প্রতিনিধি