প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২ । ৪:৪২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে সিএনজি-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত

অনলাইন ডেস্ক

মোজাম্মেল প্রধান হাসিব : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা (সিএনজি) ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ চারজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার সন্ধ্যায় মতলব-বাবুরহাট পেন্নাই সড়কের বড়দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তথ্যটি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া।

নিহতরা হলেন- জেলার মতলব উত্তর উপজেলার ঘনিয়ারপাড় গ্রামের সিএনজি চালক জসিম উদ্দিন (৫০), চাঁদপুর শহরের পুরান বাজার এলাকার হানিফ বেপারী (২৮) এবং একই এলাকার নুপুর (১৪)। নিহত হওয়ায় ৭০ বছর বয়সী অপর এক নারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দূর্ঘটনায় আহত হয়েছেন নিহত হানিফ বেপারীর স্ত্রী জান্নাত আক্তার পপি। তাকে আশঙ্কাজনক অবস্থায় চাঁদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চাঁদপুর থেকে পাঁচজন যাত্রী নিয়ে সিএনজিটি মতলবে যাওয়ার পথে মতলব দক্ষিণ উপজেলার বরদিয়া আড়ংবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং সিএনজিচালক জসিম উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। সিএনজিতে থাকা অপর যাত্রীদের উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘণ্টাখানেক সড়ক অবরোধ করে রাখেন। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, ঘটনাস্থল থেকে নিহত চালকের লাশ এবং মাইক্রোবাস ও সিএনজিটি উদ্ধার করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন