শাহরাস্তিতে এক ইউপি সদস্য ও যুবলীগ নেতার ঘরে মিলল ১৬ বস্তা ভিজিএফের চাল।
রোববার দিনগত রাত দেড়টায় শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা একটি অভিযান পরিচালনা করেন।
পরে অভিযুক্ত ইউপি সদস্য হুমায়ুন কবিরের বসতঘর থেকে ১৬ বস্থা চাল জব্দ করে তাকে আটকের নির্দেশ দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে উপজেলা প্রশাসনের তরফ থেকে উপজেলার সুচিপাড়া দক্ষিণ ইউপির কৃষ্ণপুর গ্রামের অসহায় দুস্থদের খাদ্য সহায়তা হিসেবে ১৬ বস্তা ভিজিএফের চাল বিতরণের জন্য বরাদ্দ দেওয়া হয়। ওই ইউপির ৬নং ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির নিজ ঘরে তা (চাল) মজুদ করেন।
ওই মজুদের সংবাদ টুকু চাউর হতেই স্থানীয়দের মাঝে তা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার অবগত হন। ওই রাতে ঘটনার স্থলে ছুটে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা চাল উদ্ধার করে অভিযুক্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সবুজ জানান, মজুদকৃত চালগুলো জব্দ করে অভিযুক্ত ইউপি সদস্যের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নেওয়া হচ্ছে।
এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানা জানান, দুঃস্থদের জন্য বরাদ্দকৃত সহায়তার (ভিজিএফ) চাল তিনি বিতরণ না করে ঘরে মজুদ করেন, যা আইনের পরিপন্থী।
অভিযুক্ত ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

মোঃ মাসুদ রানা