বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, ‘তারেক রহমানের দৃঢ়তার কারণেই স্বৈরাচারের পতন হয়েছে। বিএনপি অন্যায়ের সঙ্গে কখনো আপস করেনি। বিএনপি এই দেশে টিকে থাকবে, আপনারা অনেকেই হারিয়ে যাবেন।’
মঙ্গলবার (১০ জুন) দুপুরে টাঙ্গাইল পৌর শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে সদর উপজেলা যুবদলের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি টুকু আরো বলেন, ‘ধোঁকাবাজের রাজনীতি বিএনপি করে না। জনগণকে যখন যে কথা দিয়েছে বিএনপি সে কথা রক্ষা করছে।’
সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কবিরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক প্রমুখ।

টাঙ্গাইল প্রতিনিধি