ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি আন্তর্জাতিক ফ্লাইট দুর্ঘটনার শিকার হয়েছে। লন্ডনের উদ্দেশে ছেড়ে যাওয়া এআই-১৭১ ফ্লাইটটিতে ১২ জন ক্রু সদস্যসহ মোট ২৪৪ জন যাত্রী ছিলেন।
বৃহস্পতিবার (১২ জুন) রাত ২টা ২৫ মিনিটে আহমেদাবাদ বিমানবন্দরের অদূরে মেঘানিনগর আবাসিক এলাকায় দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই।
প্রতিবেদন অনুযায়ী, বোয়িং ৭৮৭-৮ কুইকজেট সিরিজের বিমানটি উড্ডয়নের কিছু সময়ের মধ্যেই বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়।
তাৎক্ষণিকভাবে হতাহত বা প্রাণহানির বিস্তারিত জানা না গেলেও, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনেক প্রাণহানির আশঙ্কা করছে।
উদ্ধার তৎপরতা চালাতে গান্ধীনগর থেকে জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ)-এর তিনটি দল, মোট ৯০ জন সদস্য দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। আরও তিনটি দল ভাদোদরা থেকে পাঠানো হচ্ছে।
ঘটনার পরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাটের মুখ্যমন্ত্রী, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

অনলাইন ডেস্ক