প্রকাশের সময়: রবিবার, ১৫ জুন, ২০২৫ । ১১:৩৬ এম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

ভারতে এবার হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক

বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও ভয়াবহ বিমানবিপর্যয় ভারতের আকাশে। রোববার (১৫ জুন) ভোরে উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডে কেদারনাথ থেকে গুপ্তকাশীর পথে যাত্রাকালে একটি আরিয়ান এভিয়েশন হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে সাতজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন পাইলট এবং একজন শিশু তীর্থযাত্রী রয়েছেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, উড্ডয়নের প্রায় ১০ মিনিট পর গৌরীকুণ্ড ও সোনপ্রয়াগের মাঝামাঝি একটি দুর্গম জঙ্গলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের সবাই তীর্থযাত্রী: উত্তরাখণ্ড সিভিল অ্যাভিয়েশন ডিপার্টমেন্ট অথরিটি (UCADA) জানিয়েছে, হেলিকপ্টারে সাতজন আরোহী ছিলেন—একজন পাইলটসহ ছয়জনই তীর্থযাত্রী, যাদের মধ্যে একজন শিশুও রয়েছে। নিহত তীর্থযাত্রীরা ভারতের উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটের বাসিন্দা।

ছয় সপ্তাহে পঞ্চম দুর্ঘটনা: প্রতিবছরের মতো এবারও কেদারনাথ মন্দির খোলার পর থেকে পুণ্যার্থীদের চাপ বেড়েছে। এ বছর ২ মে মন্দির খোলার পর ছয় সপ্তাহে এটি পঞ্চম হেলিকপ্টার দুর্ঘটনা। বারবারের দুর্ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।

আবহাওয়া ও যান্ত্রিক ত্রুটির সন্দেহ: প্রাথমিক তদন্তে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে যান্ত্রিক ত্রুটি ও খারাপ আবহাওয়ার দিকটি বিবেচনায় নেওয়া হচ্ছে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

মুখ্যমন্ত্রীর শোক প্রকাশ: উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সামাজিক যোগাযোগমাধ্যম X (টুইটার)–এ এক পোস্টে দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত সহায়তা দিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

সম্প্রতি গুজরাটে ভয়াবহ বিমান দুর্ঘটনা: এর মাত্র তিন দিন আগেই (১২ জুন) ভারতের গুজরাটে একটি বিমান বিধ্বস্ত হয়। বিমানটি ২৩২ জন যাত্রী এবং ১০ জন ক্রু নিয়ে আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছিল। বিমানটি বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসের ওপর ভেঙে পড়ে, যেখানে ২৭০ জন নিহত হন—তাদের মধ্যে ২৪১ জনই ছিলেন যাত্রী ও ক্রু সদস্য।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন