প্রকাশের সময়: বুধবার, ২৫ জুন, ২০২৫ । ৩:০১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

উপদেষ্টা আসিফ মাহমুদকে কড়া হুঁশিয়ারি দিলেন ইশরাক

অনলাইন ডেস্ক

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদকে হুঁশিয়ার করে বিএনপির কেন্দ্রীয় নেতা ইশরাক হোসেন বলেছেন, “আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো প্রতিহিংসামূলক পদক্ষেপ নেওয়া হলে নগর ভবনের আন্দোলন রাজপথে গড়াবে।”

বুধবার (২৫ জুন) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ইশরাক হোসেন জানান, “জনগণের ভোগান্তি লাঘব ও গুরুত্বপূর্ণ নাগরিক সেবাসমূহ সচল রাখার স্বার্থে আমার অনুরোধে গত সোমবার থেকে নগর ভবনের কর্মবিরতি সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। কিন্তু এটা আন্দোলন প্রত্যাহার নয়। সরকারের কোনো চাপ কিংবা ভীতি এই সিদ্ধান্তের পেছনে নেই। বরং জনগণের স্বার্থে আমরা এই পদক্ষেপ নিয়েছি।”

তিনি বলেন, “কোরবানির ঈদের পর নগর কর্তৃপক্ষ দৈনন্দিন সেবা চালু করতে উদ্যোগ নিলে স্থানীয় সরকার উপদেষ্টা ও সচিব তা বন্ধে নির্দেশ দেন আঞ্চলিক কর্মকর্তাদের। এতে জনগণের সেবা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়। আমরা বুঝতে পারি, এটি আন্দোলনকারীদের দায়ী করে একটি পরিকল্পিত চক্রান্ত বাস্তবায়নের চেষ্টা।”

ইশরাক অভিযোগ করেন, “গতকাল আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা হয় উপদেষ্টার ঘনিষ্ঠ দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে। তাদের অন্যতম গোলাম কিবরিয়া রুবেলের বিরুদ্ধে দুর্নীতির বিস্তর অভিযোগ রয়েছে। এই রুবেলই আন্দোলন দমনে অগ্রণী ভূমিকা রেখেছে এবং উপদেষ্টার প্রত্যক্ষ ছত্রচ্ছায়ায় তার অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “আন্দোলনকারীরা এখনও প্রতীকী কর্মসূচির মধ্য দিয়ে তাদের অবস্থান জানিয়ে যাচ্ছে, যাতে জনগণের সেবায় বিঘ্ন না ঘটে। কিন্তু আমরা সতর্ক করছি, যদি পরিস্থিতি উত্তপ্ত করার কোনো চেষ্টায় সরকার বা তাদের প্রতিনিধি লিপ্ত হন, তাহলে আন্দোলন রাজপথে ছড়িয়ে পড়বে।”

উপদেষ্টা আসিফ মাহমুদকে উদ্দেশ করে ইশরাক হোসেন বলেন, “আপনার দায়িত্বশীল অবস্থানে থেকে আরও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি। অহেতুক উসকানি ও অপমানজনক কথাবার্তা বন্ধ না করলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।”

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন