প্রকাশের সময়: রবিবার, ৬ জুলাই, ২০২৫ । ৭:১৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

পদ্মার চর থেকে উদ্ধার হলো বিষধর রাসেলস ভাইপার সাপ

প্রিয় চাঁদপুর ডেস্ক

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চরাঞ্চল থেকে বিরল ও প্রাণঘাতী রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া) সাপ উদ্ধার করা হয়েছে।

রোববার (৬ জুলাই) সকালে সুতালড়ি ইউনিয়নের বালিয়াঘোপা গ্রামসংলগ্ন পদ্মা নদীতে মাছ ধরার সময় স্থানীয় জেলেদের চায়না দোয়াড়ি জালে সাপটি ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার মো. মিজানুর মৃধা।

সাপটি উদ্ধারের পর সুতালড়ি ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা সোহেল বিশ্বাস ট্রলারে করে সেটি আন্ধারমানিক ঘাটে নিয়ে আসেন। পরে খবর পেয়ে স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সৈয়দা অনন্যা ফারিয়া সেখানে উপস্থিত হন। তিনি জানান, বন বিভাগের সঙ্গে যোগাযোগ করে সাপটির বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শামিম মিয়া বলেন, রাসেলস ভাইপার সাপের বিষ হেমোটক্সিক ধরনের, যা মানবদেহের মাংস পচিয়ে দেয়। আগে এই সাপ কেবল রাজশাহীতে দেখা গেলেও এখন পদ্মা নদীর তীরবর্তী চরাঞ্চলেও পাওয়া যাচ্ছে। তাই সচেতনতা ও সতর্কতাই হতে পারে সবচেয়ে কার্যকর প্রতিরক্ষা।

তিনি আরও জানান, রাসেলস ভাইপার ডিম না পেড়ে সরাসরি বাচ্চা দেয় এবং একসঙ্গে ২০ থেকে ৪০টি, এমনকি কখনো ৭৫টি বাচ্চাও দিতে পারে। বিশ্বের সাপের কামড়ে যত মানুষ মারা যায়, তার বড় একটি অংশ এই প্রজাতির সাপের কারণে প্রাণ হারান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন