বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখার উদ্যোগে মৌসুমী ফল উৎসব ২০২৫ আয়োজন করেছে।
সোমবার (৭ জুলাই) সকাল ১০টায় চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গনে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়।
আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কচুয়া পৌরসভার আমীর শাহ মুহাম্মদ জাকিরুল্লাহ শাজুলী। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির চাঁদপুর জেলা শাখার অফিস সম্পাদক হাফেজ পারভেজ হোসাইন। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ উজ্জ্বল দাশগুপ্ত।
ফল উৎসবে আম, লিচু, কলাসহ নানারকম দেশি মৌসুমী ফল পরিবেশন করা হয়। পরে অতিথিরা প্রদর্শনী পরিদর্শন করেন।
প্রধান অতিথির বক্তব্যে শাহ মুহাম্মদ জাকিরুল্লাহ শাজুলী বলেন, “দেশ গঠনে ছাত্র রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন আয়োজন ছাত্র রাজনীতিকে সুশৃঙ্খল ও সুন্দর করে তুলবে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুনত্বপূর্ণ এ আয়োজনে ছাত্রসমাজ আনন্দিত।”
অনুষ্ঠানে অধ্যক্ষ উজ্জ্বল দাশগুপ্ত বলেন, “ছাত্র সংগঠনগুলোর এমন উদ্যোগ ক্যাম্পাসের সহাবস্থান এবং ইতিবাচক পরিবেশ তৈরিতে সহায়ক। আগামী দিনের ছাত্র রাজনীতি আরও সুন্দর হবে বলে আমি আশা করি।”
ছাত্রশিবির চাঁদপুর জেলা শাখার অফিস সম্পাদক হাফেজ পারভেজ হোসাইন বলেন, “মৌসুমী ফল উৎসব ছাত্রশিবিরের ইতিহাস-ঐতিহ্যের অংশ। প্রতিষ্ঠার পর থেকেই আমরা শিক্ষার্থীবান্ধব কর্মসূচির আয়োজন করে আসছি।”
চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সভাপতি হাফেজ ওমর ফারুক বলেন, “শিক্ষার্থীদের সাথে আনন্দ ভাগাভাগি করতে এ ব্যতিক্রমী আয়োজন। সকল ছাত্র সংগঠনের উচিত শিক্ষার্থীর কল্যাণে এমন উদ্যোগ নেওয়া।”
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে ফল বিতরণ করা হয়।

নিজস্ব প্রতিনিধি