প্রকাশের সময়: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ । ১১:২৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে মাছ চাষের দীঘিতে ভেঙ্গে পড়ছে চলাচলের রাস্তা সহ বসত বাড়ি-ঘর

মাসুদ হোসেন
চাঁদপুর সদর উপজেলার শাহাতলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি দীঘিতে অপরিকল্পিতভাবে মাছ চাষের ফলে ধসে পড়ছে ব্যক্তি মালিকানাধীন চলাচলের রাস্তা সহ বসত ঘর বাড়ি। এতে লক্ষ লক্ষ টাকার ক্ষতি সহ জীবনের নিরাপত্তা হীনতায় ভুগছে প্রায় ২০ সদস্যের ৩টি পরিবার।
শুক্রবার (১১ জুলাই) সকালে উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ভাটেরগাঁও এলাকায় গিয়ে দেখা যায়, শাহাতলী স্কুল সংলগ্ন পূর্ব উত্তর পাশে এক একর ৩০ শতাংশের একটি দীঘিতে প্রায় ১৫ বছর যাবত লীজ নিয়ে মাছ চাষ করে আসছেন স্থানীয় জিন্নাহ তপদারের শ্যালক আশরাফ হোসেন সুমন ও হানিফ ভুঁইয়া নামে দুই ব্যক্তি।
আর এই অপরিকল্পিত মাছ চাষের ফলে দীঘির পূর্ব পাশের বসত বাড়ি ও বিল্ডিং এ দেখা দিয়েছে বড় ধরনের ফাটল। ভয়াবহ এ ফাটলে যেকোন সময় ভেঙ্গে পড়তে পারে বসত ঘর সহ অন্যান্য স্থাপনা। কিন্তু এ নিয়ে জীবনের নিরাপত্তা হীনতায় ভুগছে বসবাসকারী মানুষগুলো। এছাড়াও বসত বাড়ি ও চলাচলের রাস্তার বিভিন্ন অংশ ধসে পড়েছে এই মাছ চাষের দীঘিতে।
মৃত ইউসুফ খানের ছেলে ভুক্তভোগী বিল্লাল হোসেন খান জানান, হাফেজ শহীদ উল্যাহ, ইব্রাহিম খান ও আমি সহ আমরা তিন ভাই এ বাড়িতে দীর্ঘদিন যাবত বসবাস করে আসতেছি৷ দীঘিতে বিভিন্ন প্রজাতির মাটি খেকো মাছ চাষের কারনে আমাদের চলাচলের রাস্তা ভেঙ্গে যাচ্ছে প্রতি বছর।
বিষয়টি ওনাদের জানালে ওনারা একবার প্রাথমিকভাবে ঠিক করে দিলেও আর কোন খবর নেই। সম্প্রতি চলমান এই ভারি বৃষ্টির মধ্যে দীঘির মাছ ধরার জন্য কয়েকটি মেশিন লাগিয়ে পানি কমালে আমাদের বসত বাড়ির মাটিতে ফাটল ধরে নিচে তলিয়ে যাচ্ছে।
এমনকি আমরা যে ঘরে থাকি প্রতিটি ঘরেই কোন না কোন স্থানে ফাটল দেখা দিয়েছে। এই ফাটল কখন যে দেয়াল ভেঙে আমাদের উপরে পড়ে যায়, এ নিয়ে আমরা প্রচন্ড নিরাপত্তা হীনতায় আছি। আমাদের এ ক্ষতি পুষিয়ে দিতে এবং ভাঙ্গন ঠেকাতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে একটি স্থায়ী সমাধান আশা করছি।
এ বিষয়ে দীঘির মালিক জিন্নাহ তপদার ও আব্দুল মতিন তপদার (ভুট্টো) বলেন, বসত বাড়ি ও বিল্ডিং এ ফাটলের মতো যে ঘটনাটি ঘটেছে তা আসলেই দুঃখজনক। আমরা যাদেরকে দীঘিটি লীজ দিয়েছি, তাকে বলা হয়েছে আষাঢ়-শ্রাবন মাসে পানি কমাতে পারবে না। তারপরও যেহেতু হয়ে গেছে আমরা ওনাদের সাথে কথা বলে শনিবার বিকেলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসে একটি সুষ্ঠু সমাধান করার চেষ্টা করবো।
ভুক্তভোগীরা তাদের বসতবাড়ি ও বসতঘরে ভাঙ্গনের বিষয়টি এলাকার বিভিন্ন নেতৃবৃন্দকে জানালে শুক্রবার ঘটনাস্থলে আসেন, শাহমাহমুদপুরের সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ, সাধারণ সম্পাদক কামাল মিজি, সহ সভাপতি দেলোয়ার হোসেন দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটওয়ারী, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মজিব কারী, উক্ত ওয়ার্ড ইউপি সদস্য সোহাগ পাটোয়ারী সোহেল, ফিরোজা বেগম, সাবেক ইউপি সদস্য আবু সাঈদ সহ অত্র এলাকার বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন