চাঁদপুরের শাহরাস্তি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও প্রবীণ সাংবাদিক সৈয়দ আমরুজ্জামান সবুজের মৃত্যুতে এক শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুলাই বুধবার, বাদ যোহর শাহরাস্তি পৌরসভার মেহের কালীবাড়ি বাজারস্থ প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া তাঁর দীর্ঘ সাংবাদিকতা জীবনের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও মরহুমের আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী অংশগ্রহণ করেন।
বিশেষভাবে উপস্থিত ছিলেন: চেড়িয়ারা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও সাংবাদিক নেতা হাজী মোঃ আবুল কালাম,প্রেসক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া,কার্যকরী সদস্য ডাঃ দুলাল চন্দ্র ঘোষ,বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক নেতা কাজী হুমায়ুন কবির,সহ-সভাপতি মোঃ মাসুদ রানা,সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ,সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মনিরুজ্জামান শান্ত,যুগ্ম সম্পাদক ও মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন তরুণ,উপজেলা মিডিয়া ফোরামের সভাপতি মোঃ শাহ আলম,দপ্তর সম্পাদক মোঃ নুরে আলম, মফস্বল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক রাফি হাসান হামজা,প্রেসক্লাব সদস্য জাকির হোসেন নয়ন, মোহাম্মদ হেলাল উদ্দিন দুলাল, মোঃ শাখাওয়াত হোসেন হৃদয়, গিয়াস উদ্দিন, জাকারিয়া প্রমুখ।
এছাড়া মরহুমের একমাত্র পুত্র রাকিব এবং দুই জামাতাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সৈয়দ আমরুজ্জামান সবুজ গত ১৩ জুলাই দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে রাজধানী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৮ বছর। তিনি স্ত্রী, তিন কন্যা, এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি দৈনিক চাঁদপুর দর্পণ, চাঁদপুর সংবাদ, জাতীয় দৈনিক ইনকিলাব ও চাঁদপুর প্রবাহসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন।
তাঁর মৃত্যুতে শাহরাস্তি প্রেসক্লাব তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করে। এই মিলাদ ও শোকসভা ছিল সেই কর্মসূচির শেষ দিনের আয়োজন।সাংবাদিক মহল এক দক্ষ ও নিবেদিতপ্রাণ কর্মীকে হারিয়ে গভীর শোক প্রকাশ করেছে।
দোয়া মাহফিলে মিলাদ পরিচালনা করেন মেহের কালীবাড়ি বাজার আয়েশা জামে মসজিদের খতিব মাওলানা মোঃ শাহজাহান।

নিজস্ব প্রতিনিধি