শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা মোল্লারদর্জা সড়কের আলমের বাড়ির পূর্ব পাশে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন এই গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কটির ভাঙনে যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছে। ফলে এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে সড়কের ওই অংশে ধস দেখা দেয়। গত কয়েক দিনের ভারী বৃষ্টিপাতে ও পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় ভাঙন এখন ভয়াবহ রূপ নিয়েছে।এ বিষয়ে সওজ-এর উপ-বিভাগীয় প্রকৌশলী ওয়াছিউদ্দিন আহমেদ জানান, “বিষয়টি গণমাধ্যমকর্মীর মাধ্যমে জেনেছি। দ্রুত সরেজমিন পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, সড়কটি নির্মাণে ঠিকাদার যথাযথ প্রকৌশল নীতিমালা অনুসরণ করেনি, যার ফলে বর্তমানে ভাঙন দেখা দিয়েছে। এই সড়কে দেশের দক্ষিণাঞ্চলের হাজার হাজার লোক যাতায়াত করে থাকে।
এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের মতে, রাস্তাটি স্থানীয়, রামগঞ্জ, চাটখিল,লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনীর লোকজনের চলাচলের আঞ্চলিক সড়ক পথ হওয়ায় দ্রুত মেরামত না হলে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

মোঃ মাসুদ রানা