প্রকাশের সময়: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫ । ২:৫১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

যাত্রীর ১৫ লাখ টাকা ফেরত দিলেন অটোরিকশাচালক অনিক মিয়া

প্রিয় চাঁদপুর ডেস্ক

কুমিল্লায় ফেলে যাওয়া ব্যাগে থাকা ১৫ লাখ টাকা যাত্রীকে ফেরত দিয়েছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালক অনিক মিয়া। বৃহস্পতিবার (১৭ জুলাই) কুমিল্লা নগরীর দারোগাবাড়ি এলাকার এ ঘটনা ঘটে।

ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনা বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। প্রশংসা কুড়িয়েছে অটোরিকশাচালকের সততা।

চালক অনিক মিয়া কুমিল্লা নগরীর চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা।
জানা গেছে, কুমিল্লার পানপট্টি এলাকার বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী মরণ শীল সকাল ৮টার দিকে শিশু সন্তানকে নিয়ে অটোরিকশাতে করে দারোগাবাড়ি এলাকার স্কুলে গিয়েছিলেন। কিন্তু অটোরিকশা থেকে নামার সময় ভুলে তার সঙ্গে থাকা ১৫ লাখ টাকার ব্যাগটি ফেলে যান।

বাচ্চাকে স্কুলে দিয়ে ফেরার পর তিনি বুঝতে পারেন তার টাকার ব্যাগটি অটোরিকশাতে রয়ে গেছে।

কিন্তু সেখানে আর তাকে খোঁজে পাওয়া যায়নি। প্রায় ঘণ্টাখানেক পর তিনি বাসার কাছে এসে দেখেন যেখান থেকে অটোরিকশাতে উঠেছিলেন, সেখানে এসে চালক তাকে খুঁজছেন। এ সময় আরো কয়েকজনের উপস্থিতিতে টাকার ব্যাগটি তিনি মরণ শীলকে ফেরত দেন।
অটোরিকশাচালক অনিক মিয়া বলেন, ‘ব্যাগে এত টাকা দেখে আমি প্রথমেই আমার বাবাকে কল করি।

বাবা আমাকে বলেন, যার জিনিস, তাকে খুঁজে দিয়ে আয়। হারাম টাকা নিয়ে বাঁচতে চাই না। এরপর আমি কয়েকবার ঘুরে ওই এলাকায় এসে শেষমেশ ব্যাগের মালিককে খুঁজে পেয়ে টাকার ব্যাগ মালিককে ফেরত দিই।’
তিনি বলেন, ‘এত টাকা নিয়ে আমি চিন্তিত হয়ে পড়ি, মালিককে খুঁজতে খুঁজতে তার বাড়ির সামনে এসে দেখা হয়ে যায়। তিনি টাকা পেয়ে খুশি হয়ে আমাকে গলায় জড়িয়ে ধরেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

টাকার মালিক স্বর্ণ ব্যবসায়ী মরণ শীল বলেন, ‘সকালে বাচ্চাকে স্কুলে দিতে যাওয়ার সময় ব্যবসার কাজের জন্য ১৫ লাখ টাকাসহ ব্যাগটি সঙ্গে নিয়ে বের হই। কিন্তু রিকশা থেকে নামার সময় ব্যাগটি ভুলে ফেলে আসি। পরে স্কুল থেকে এসে দেখি চালক ও রিকশা কোনোটাই নেই। তখন খুব টেনশনে পড়ে যাই। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে বাসায় ফিরে যাই, বাসার কাছে এসে দেখি সে (চালক) দাঁড়িয়ে আছে। আমাকে পেয়ে সে আমার টাকার ব্যাগ হাতে তুলে দেয়।’

তিনি আরো বলেন, ‘এ সময়ে অনিক যে কাজটি করেছে, তা একেবারেই বিরল এবং সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত। নিঃসন্দেহে সে একজন সৎ মানুষ। অন্যের টাকার প্রতি তার কোনো লোভ নেই। পৃথিবীতে এ ধরনের মানুষ এখনো আছে বলেই পৃথিবী সুন্দর। এমন মানুষদের সম্মান জানাই।’

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন