চাঁদপুরের শাহরাস্তিতে প্রেমিকের সঙ্গে অভিমানের জেরে ১৯ বছর বয়সি কুলসুম আক্তার বৃষ্টি নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। গত বৃহস্পতিবার (১৮ জুলাই) ভোরে উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত বৃষ্টি উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের দেবকরা লদের বাড়ি গ্রামের বাসিন্দা মো. সিরাজুল ইসলাম ওরফে সেরুর মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, তালাকপ্রাপ্ত কুলসুম আক্তার বৃষ্টি গত ১৬ জুলাই বেড়াতে যান বড় বোন খাদিজার শ্বশুরবাড়ি আয়নাতলী গ্রামে। সেখানে অবস্থানকালে তার সঙ্গে রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের প্রবাসী যুবক আরমানের মোবাইলে বাগবিতণ্ডা হয়। প্রেমিক আরমানের সঙ্গে তার প্রায় এক বছর ধরে সম্পর্ক ছিল বলে জানান বৃষ্টির মা শামছুর নাহার।
বৃষ্টির মা বলেন, “আমরা মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু ছেলেপক্ষ মানেনি। সেই থেকে মেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে।”
স্থানীয় সূত্র জানায়, অভিমানে প্রেমিক আরমানকে উদ্দেশ করে কিছু ভিডিও পাঠানোর পর, ১৭ জুলাই রাত ১১টা থেকে ১৮ জুলাই ভোরের মধ্যে কোনো এক সময় বৃষ্টি বসতঘরের টিনসেটের অ্যাঙ্গেলের রডে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।
খবর পেয়ে শাহরাস্তি থানা পুলিশের এসআই আরিফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। এর আগে স্থানীয় ইউপি সদস্য ও স্বজনেরা মরদেহ নামিয়ে খাটে শুইয়ে রাখেন।
এ বিষয়ে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার পিপিএম বার বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য তদন্ত চলছে।”

মোঃ মাসুদ রানা