প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫ । ৪:২৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে সাপের ছোবলে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে সাপের কামড়ে এক নারীর মৃত্যু হয়েছে। উপজেলার বড়কূল পূর্ব ইউনিয়নের কাইজাংগা গ্রামে বুধবার (২৩ জুলাই) রাতে এই ঘটনা ঘটে। নিহত নারীর নাম জেসমিন বেগম (৩২)। তিনি দিনমজুর সোলেমান মিয়ার স্ত্রী ও তিন সন্তানের জননী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ার পর জেসমিন বেগম খাটের নিচ থেকে হাতপাখা তুলতে গিয়ে বিষধর সাপের ছোবলে পড়েন। কামড়টি হাতে লাগে। পরে স্থানীয়ভাবে এক কবিরাজের শরণাপন্ন হন। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে বাড়িতে নেওয়া হয়। তবে রাতে তাঁর অবস্থার অবনতি হলে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

জেসমিনের স্বামী সোলেমান মিয়া বলেন, ‘রাতে ঘুমানোর পর হঠাৎ জেসমিন খাটের নিচ থেকে হাতপাখা তুলছিল। তখনই সাপে কামড়ায়। কবিরাজ ডাকি, তাতেও কাজ হয় না। হাসপাতালে নেওয়ার আগেই আমার চোখের সামনে মারা যায়। এখন তিনটা ছোট সন্তান নিয়ে কী করব বুঝতে পারছি না।’

এদিকে বৃহস্পতিবার সকালে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন নিহতের বাড়িতে ভিড় করেন। তবে কেউ এগিয়ে আসেনি প্রশাসন কিংবা স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে।

স্থানীয় বাসিন্দা আবুল কালাম বলেন, ‘এমন ঘটনা খুবই বেদনাদায়ক। একটা পরিবারের উপার্জনক্ষম মানুষ না থাকলে চলা কঠিন হয়। অন্তত এখন সরকারি সহায়তা দরকার।’

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘সাপে কামড় দিলে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে এলে আমরা প্রয়োজনীয় চিকিৎসা দিতে পারি। অনেক সময় বিলম্ব ও ভুল চিকিৎসায় প্রাণহানির আশঙ্কা বেড়ে যায়।’

সোলেমান মিয়া স্থানীয় প্রশাসন ও সমাজের সহৃদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন