গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে গলা কেটে হত্যার দৃষ্টান্তমূলক বিচার, দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চাঁদপুরের শাহরাস্তিতে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট ২০২৫) বেলা ১১টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি (দোয়াভাঙ্গা) গেট এলাকায় শাহরাস্তি প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে কেন নির্মমভাবে হত্যা করা হলো, তা অবিলম্বে উদ্ঘাটন করে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, সাংবাদিকরা সমাজের চতুর্থ স্তম্ভ; তাদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া, বিএমএসএফ শাহরাস্তি শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন তরুণ, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ মাসুদ রানা, সাধারণ সম্পাদক মোঃ নোমান হোসেন আখন্দ, কার্যকরী সদস্য ডাঃ দুলাল চন্দ্র ঘোষ, মোঃ মাহবুব হাসান বাবলু, বিএমএসএফের সাংগঠনিক সম্পাদক রাফি হাসান হামজা, প্রেসক্লাব সদস্য জাকির হোসেন নয়ন, মোঃ হেলাল উদ্দিন দুলাল, মোঃ শাখাওয়াত হোসেন হৃদয়সহ স্থানীয় সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচি শেষ হয়।

নিজস্ব প্রতিনিধি