চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নুনিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা থেকে আলিম ২য় বর্ষের চার শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি অনাকাঙ্ক্ষিত ও অনৈতিক ভিডিওর মাধ্যমে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মাদ্রাসা সূত্রে জানা যায়, ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়লে দেশে ও প্রবাসে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে মাদ্রাসা সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনুমতিক্রমে সোমবার (১১ আগস্ট) সকালে মিলনায়তনে জরুরি সভা হয়।
নিয়ম-শৃঙ্খলা ও শিক্ষার মান উন্নয়ন কমিটি এবং অভিভাবক প্রতিনিধিদের উপস্থিতিতে সাক্ষ্য-প্রমাণ যাচাই শেষে সর্বসম্মতিক্রমে বহিষ্কারের সিদ্ধান্ত হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- মো. জাকারিয়ার পুত্র আমির হামজা, মো. ইলিয়াছের পুত্র মাহমুদ হাসান, জয়নাল আবদীনের পুত্র আল আমিন, মো. মাহবুবুর রহমানের কন্যা জান্নাতুল মাওয়া।
এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ দেলোয়ার হোসাইন মোল্লা বলেন, “শিক্ষার্থীদের অনৈতিক কর্মকাণ্ডে আমাদের শূন্য সহনশীল নীতি রয়েছে। ভবিষ্যতেও একইভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ, ১৯৩১ সালে প্রতিষ্ঠিত নুনিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা দীর্ঘদিন ধরে এলাকায় ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বিত প্রতিষ্ঠান হিসেবে সুনাম ধরে রেখেছে।

অনলাইন ডেস্ক