আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টায় দেশের ৫ থেকে ১০টি জেলা এবং ৭২ ঘণ্টার মধ্যে ১৫ থেকে ২০টি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জানান, পদ্মা নদী ও এর শাখা-উপনদীর তীরবর্তী জেলাগুলো বিশেষ ঝুঁকিতে রয়েছে। খুলনা ও বরিশাল বিভাগে এ বর্ষায় ঐতিহাসিক গড়ের তুলনায় বেশি বৃষ্টিপাত হয়েছে, ফলে নদীগুলোর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে।
তিনি বলেন, বুধবার থেকে পদ্মার শাখা নদীগুলো দিয়ে বিপুল পানি প্রবেশ করছে, যা বৃহস্পতিবার থেকেই রাজশাহী ও খুলনা বিভাগের বহু জেলায় বন্যার ঝুঁকি তৈরি করেছে। আগামী তিন দিনে পদ্মা নদী প্রবাহিত রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের একাধিক জেলা প্লাবিত হতে পারে।
এছাড়া, রংপুর বিভাগের তিস্তা ও দুধকুমার নদীর পানি ইতোমধ্যেই বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধার বহু এলাকা বন্যায় আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে।
গবেষকের পূর্বাভাস অনুযায়ী, আগামী রোববারের মধ্যে রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ১৫ থেকে ২০টি জেলা প্লাবিত হতে পারে।

মোহাম্মদ রাব্বী