শাহরাস্তিতে শ্রীকৃষ্ণের শুভ ৫২৫১তম জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) সকালে উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্রী শ্রী গোপাল জিউর আখড়ায় গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় সহস্রাধিক নারী-পুরুষ ও শিশু-কিশোর অংশগ্রহণ করেন। ঢাক-ঢোল, শঙ্খনিনাদ ও ভগবান শ্রীকৃষ্ণের জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া সুলতানার পক্ষে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার তাঁর বক্তব্যে বলেন, “মানুষ কেবল জন্মগ্রহণ করলেই সার্থক হয় না, বরং তার কর্মের মাধ্যমেই জন্মকে সার্থক করে তুলতে হয়। সৎকর্ম, ন্যায়পরায়ণতা ও সুন্দর কাজের মাধ্যমে ব্যক্তি যেমন নিজেকে গড়ে তুলতে পারে, তেমনি সমাজ ও জাতিকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে। তাই আমাদের সকলের উচিত কর্মফলকে সুন্দর ও কল্যাণকর করার প্রতি গুরুত্ব আরোপ করা। এভাবেই একটি উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গঠন সম্ভব।”
এসময় বিশেষ অতিথি ছিলেন শাহারাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আবুল বাসার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রণজিৎ দে (হারাধন), সাধারণ সম্পাদক মানিক বণিক, সামাজিক ব্যক্তিত্ব ডা. দুলাল চন্দ্র ঘোষ,অমৃত মজুমদার টুটুন,বিশিষ্ট ব্যবসায়ী উত্তম পালসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজন।

উল্লেখ্য, জন্মাষ্টমী হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। বিশ্বাস করা হয়, অন্যায়-অসত্য ও অশুভ শক্তির দমন এবং ধর্ম ও ন্যায়ের প্রতিষ্ঠার জন্য শ্রীকৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হন। প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এই উৎসব পালিত হয়।
এ উপলক্ষ্যে শাহরাস্তির সকল মন্দিরসহ বিভিন্ন বাসাবাড়িতে অনুষ্ঠিত হচ্ছে পূজা-অর্চনা, ভক্ত সমাগম, ধর্মীয় আলোচনা, নৈবেদ্য নিবেদন ও প্রসাদ বিতরণ।
ভক্তরা রাত ১২টায় শ্রীকৃষ্ণের জন্ম মুহূর্তে বিশেষ পূজায় অংশ নেন।ফলে প্রতিবছরের ন্যায় যথাযোগ্য ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এবার শাহরাস্তিতে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের ৫২৫১তম জন্মাষ্টমী উৎসব।

মোঃ মাসুদ রানা